ঢাকা অর্থনীতি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শাহ সৈয়দ আহমেদ গেছুদারাজ (র.) প্রকাশ খড়মপুর মাজার শরীফের দানবাক্সের টাকা গণনা শেষ হয়েছে। বিভিন্ন দানবাক্স থেকে পাওয়া গেছে এক কোটি তিন লাখ ৬৫১ টাকা। এর পাশাপাশি বিভিন্ন বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ ও রূপাও পাওয়া যায়।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া ও মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু এসব তথ্য নিশ্চিত করেছেন। ভক্তদের দেওয়া ওই টাকা সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টায় টাকা গণনার কাজ শুরু হয়। দীর্ঘ ১৯ ঘণ্টা পর মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর চারটায় এ কার্যক্রম শেষ হয়। এ সময় মোট ৪০ জন টাকা গণনার কাজে অংশ নেন। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি মাজার কমিটির লোকজনও সেখানে উপস্থিত ছিলেন।
গণনা করা টাকার মধ্যে রয়েছে এক হাজার টাকার নোট ৮৯৮টি, ৫০০ টাকার নোট ৩৩৫৮টি, ২০০ টাকার নোট ৪৯৯৫টি, ১০০ টাকার নোট ৩২ হাজার ১৪২টি, ৫০ টাকার নোট ৩৫ হাজার ৬৬টি, ২০ টাকার নোট ৫৯ হাজার ৬১৯টি, ১০ টাকার নোট ৫৪ হাজার ২১টি, পাঁচ টাকার নোট ৬৩৩৯টি ও দুই টাকার নোট ১৪৩৩টি।
শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (র.) প্রকাশ শাহপীর কল্লা শহীদ মাজারের সপ্তাহব্যাপি ওরস রবিবার শেষ হয়েছে। ১০ আগস্ট থেকে শুরু হয় ওরস। ১৪ আগস্ট রাতে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। তবে ওরস উপলক্ষে মেলা আরো অন্তত এক মাস থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ওরসকে ঘিরে প্রতিদিনই মাজারে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। নৌপথের পাশাপাশি সড়ক ও রেলপথেও ছুটে আসেন ভক্তরা। ওরস চলাকালে বিশেষ করে ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
এ ওরস হাজার বছরের ঐতিহ্য। এ বছর রেকর্ড সংখ্যক ভক্তের সমাগম ঘটে।










কমেন্ট করুন