ঢাকা অর্থনীতি ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
আজ মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৩(১) ধারা অনুযায়ী ঢাবির আইইআরের প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখ, এর মধ্যে যেটি আগে হবে সেই সময় পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন। বেতন-ভাতার ক্ষেত্রে তার বর্তমান পদের সমপরিমাণ সুবিধা প্রযোজ্য হবে এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন তিনি। এছাড়া সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করা তার জন্য বাধ্যতামূলক।
দায়িত্বের ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রয়োজনে যেকোনো সময় রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এই নিয়োগ বাতিল করতে পারবেন।










কমেন্ট করুন