ঢাকা অর্থনীতি ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে একযোগে ২৯টি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করেছে। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জেলা ও মহানগর পর্যায়ে এই কমিটিগুলো গঠন করা হয়েছে।
গত শনিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। বরিশাল, রবীন্দ্র, কিশোরগঞ্জ ও পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে আংশিক কমিটি গঠন করা হয়েছে। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি এবং ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি অনুমোদন পেয়েছে।
মহানগর ও জেলা পর্যায়ে ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম— চারটি ইউনিটেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, জামালপুর মহানগর এবং নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলায়ও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ ও মহানগরে আংশিক কমিটি দেওয়া হয়েছে।
কলেজ পর্যায়ে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি এবং জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা কলেজে নতুনভাবে বর্ধিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ জানিয়েছে, সংগঠনকে আরও চাঙা ও কার্যকর করতেই এই ব্যাপক পুনর্গঠন ও নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে।










কমেন্ট করুন