Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলি, আহত বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত এলাকা থেকে বিএসএফের গুলিতে আহত এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যক্তির নাম মনিরুল ইসলাম (৩৫)। শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ভূখণ্ডে নিয়ে যায়। তবে তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত মনিরুল হরিহরনগর গ্রামের লিয়াকত ইসলাম ওরফে নেংটের ছেলে।
এলাকাবাসীর বরাতে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মনিরুলসহ সাতজনের একটি দল সীমান্তের কাঁটাতারের কাছাকাছি পৌঁছায়। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ও রাবার বুলেট ছুঁড়তে শুরু করে বিএসএফ। এতে মনিরুলের পায়ে সরাসরি গুলি লাগে এবং পিঠের বিভিন্ন অংশে রাবার বুলেটের আঘাত পেয়ে তিনি মাটিতে পড়ে যান। তার সাথে থাকা বাকি ছয়জন—রাশেদ (৩২), আনিছ (৩৫), সোহান (২৫), শাওন (২৬), মিন্টু (৩৮) ও মশিয়ার (৪০) পাশেই একটি খালে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেন। পরবর্তীতে আহত অবস্থায় মনিরুলকে বিএসএফ সদস্যরা নিজেদের সীমানার ভেতরে নিয়ে যায়।
ঘটনার সত্যতা প্রকাশ করে হরিহরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য টিটু মিয়া বলেন, “সন্ধ্যা ঘনিয়ে আসার পরপরই সীমান্তবর্তী কাঁটাতারের কাছ থেকে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে তিনি জানতে পারেন মনিরুল ইসলামকে বিএসএফ আহত অবস্থায় আটক করে নিয়ে গেছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।”
এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, “ঘটনাটি তারা শুনেছেন। তবে প্রশাসনিকভাবে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন