Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

চলতি অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স এলো ১,১৬৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ১৪.৭ শতাংশ

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ১ নভেম্বর) দেশে প্রবাস আয় বা রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের লাফ দেখা গেছে। এই চার মাসে দেশে মোট ১১ হাজার ৬৮৭ মিলিয়ন (১১.৬৯ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলার।
সেই হিসাবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৭ শতাংশ।
এদিকে, একক দিন হিসেবে চলতি বছরের ১ নভেম্বর এক দিনেই ২২২ মিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। অথচ গত বছরের ১ নভেম্বরে এসেছিল মাত্র ৪৩ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে কেবল এক দিনের ব্যবধানেই রেমিট্যান্স আসার পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টদের মতে, প্রবাসীদের পাঠানো অর্থের এই ধারাবাহিক শক্তিশালী প্রবৃদ্ধি জাতীয় অর্থনীতিতে তাদের অপরিসীম অবদানেরই সুস্পষ্ট প্রতিফলন। প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখার পাশাপাশি বহিরখাতের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন