Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

গাইবান্ধায় শিবির নেতা নিহতের প্রতিবাদে গভীর রাতে শাহবাগ অবরোধ

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের এক নেতা নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

রোববার (২১ জুন) রাত ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে মোড়ের একাংশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় যানজটের সৃষ্টি হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখার উদ্যোগে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হলে নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারের চারমাথা এলাকায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীর ওপর হামলার ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার প্রতিবাদে রাজধানীতে অবরোধ কর্মসূচি পালন করে ছাত্রশিবির। সংগঠনটির নেতাকর্মীরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন