Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা প্রদান এবং সময়মতো রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতে গণ বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের আইকিউএসি মিলনায়তন কক্ষে, সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। মূল আলোচক ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী এবং বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. ফুয়াদ হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানা, সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চের পরিচালক ডা. তারিকুল ইসলাম এবং হেলথ ক্লাবের মেন্টর তানিয়া আহমেদ তন্বী।

সেমিনারে স্তন ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। বক্তারা জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং ক্যান্সার সম্পর্কে প্রচলিত ভীতি ও ভুল ধারণা দূর করার ওপর গুরুত্বারোপ করেন।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন