Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

কুয়েতে স্বর্ণের বাজারে বড় ধস, ২২ ক্যারেটের দাম নেমেছে ৩৮-৩৯ দিনারে

ঢাকা অর্থনীতি ডেস্ক:

কুয়েতের স্বর্ণবাজারে গত কয়েক মাস ধরে উল্লেখযোগ্য অস্থিরতা দেখা যাচ্ছে। মার্চ মাসে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম প্রায় ৫০ কুয়েতি দিনারে পৌঁছালেও জুনে এসে তা কমে ৩৮ থেকে ৩৯ দিনারের মধ্যে নেমে এসেছে।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাবে এ অস্থিরতা তৈরি হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মার্চ মাসে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এর ফলে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম প্রায় ৫০ কুয়েতি দিনারে পৌঁছে যায়। পুরো মাসজুড়েই বাজার ছিল ঊর্ধ্বমুখী।

তবে এপ্রিল মাসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সংশোধন শুরু হলে তার প্রভাব পড়ে কুয়েতের বাজারেও। ধীরে ধীরে কমতে থাকে দাম। মে মাসের শেষ দিকে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য প্রতি গ্রাম প্রায় ৪১ দশমিক ৮৮ কুয়েতি দিনারে নেমে আসে। এ সময়ও বাজারে ব্যাপক ওঠানামা লক্ষ্য করা যায়।

জুন মাসে এসে বাজারের অস্থিরতা আরও বেড়েছে। কখনো দাম বাড়ছে, আবার কিছু সময় পরই কমে যাচ্ছে। কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের বর্তমান বিক্রয়মূল্য প্রতি গ্রাম ৩৮ দশমিক ৬৭২ কুয়েতি দিনার।

বুধবার (১০ জুন) বিকেল পর্যন্ত বাজারে বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম ছিল: ২২ ক্যারেট ক্রয় ৩৭.১৭২ দিনার, বিক্রয় ৩৮.৬৭২ দিনার; ২১ ক্যারেট ক্রয় ৩৫.৪০১ দিনার, বিক্রয় ৩৬.৯০১ দিনার; এবং ১৮ ক্যারেট ক্রয় ২৯.৬২৯ দিনার, বিক্রয় ৩১.৬২৯ দিনার।

স্বর্ণ ব্যবসায়ীরা জানান, বিশ্ববাজারে মূল্য পরিবর্তনের পাশাপাশি ডলারের বিনিময় হার এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা সরাসরি কুয়েতের স্বর্ণবাজারে প্রভাব ফেলছে। ফলে একদিন দাম বাড়লেও পরদিন তা কমে যাওয়ার ঘটনা এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।

এদিকে বিভিন্ন মানি এক্সচেঞ্জে বর্তমানে এক কুয়েতি দিনারের বিপরীতে প্রায় ৪০০ বাংলাদেশি টাকা পাওয়া যাচ্ছে। ফলে স্বর্ণের দাম কমলেও বাংলাদেশি ক্রেতাদের প্রকৃত ব্যয় অনেকাংশে নির্ভর করছে মুদ্রা বিনিময় হারের ওপর।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সূচকের গতিপ্রকৃতির ওপর আগামী দিনের স্বর্ণবাজার অনেকটাই নির্ভরশীল থাকবে। তাই স্বর্ণ কেনা বা বিনিয়োগের আগে সর্বশেষ বাজারদর যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন