Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনা নস্যাৎ করতে তৎপর ইসরায়েল: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কূটনৈতিক আলোচনাকে দুর্বল অথবা ব্যর্থ করতে ইসরায়েল সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জোর দিয়ে উল্লেখ করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য যেকোনো চুক্তিকে নিজেদের স্বার্থের পরিপন্থী বলে মনে করে ইসরায়েল। আর এই কারণেই তারা চলমান আলোচনা প্রক্রিয়াটিকে নস্যাৎ করার জন্য উঠেপড়ে লেগেছে।

তিনি আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, “আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানাই, যাতে শান্তি প্রচেষ্টা এবং চলমান আলোচনা বন্ধ না হয়ে যায়।”

এদিকে এই প্রেক্ষাপটে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নেতানিয়াহু ও কাটজের নেতৃত্বে দেশটির সামরিক বাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে বিমান হামলা পরিচালনা করেছে।

বৈরুতে চালানো এই সামরিক আগ্রাসনের পক্ষে সাফাই গেয়ে নেতানিয়াহুর দপ্তর থেকে দাবি করা হয়েছে, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হিজবুল্লাহর গোলাবর্ষণের পাল্টা জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। একই সময়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, তাদের বিমান বাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের একটি অপারেশন কক্ষে সফল হামলা চালিয়েছে।

বিশেষভাবে উল্লেখ্য, এই সামরিক হামলাটি এমন এক সময়ে সংঘটিত হলো, যখন ট্রাম্প দাবি করেছেন যে তিনি ইসরায়েলি শাসকগোষ্ঠীকে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে কোনো ধরনের হামলা চালাতে দেবেন না।

তথ্যসূত্র: টার্কি টুডে

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন