Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধে নিহত ১৮, আহত ৭৫৭ মার্কিন সেনা: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৭৫৭ জন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের হালনাগাদ তথ্যভান্ডারে এ পরিসংখ্যান উঠে এসেছে।

পেন্টাগনের ডিফেন্স ক্যাজুয়াল্টি অ্যানালাইসিস সিস্টেম (ডিসিএএস)–এর ‘ওভারসিজ অপারেশনস’ এবং ‘অপারেশন এপিক ফিউরি’ এই দুই বিভাগের তথ্য একত্র করলে দেখা যায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ১৮ মার্কিন সেনা নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন।

সর্বশেষ হালনাগাদে নতুন করে ৫০ জনের বেশি সেনা আহত হওয়ার তথ্য যুক্ত করা হয়েছে। এতে মোট আহত সেনার সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে।

গত মাসে পেন্টাগন ডিসিএএসে ‘ওভারসিজ অপারেশনস’ নামে একটি নতুন ক্যাটাগরি যুক্ত করে। এই বিভাগে মূলত গত ৭ জুলাই থেকে নিহত ও আহত মার্কিন সেনাদের তথ্য সংরক্ষণ করা হচ্ছে। তবে এসব হতাহতের ঘটনা ঠিক কোন সংঘাতে ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা দপ্তর।

ইরানের ধারাবাহিক হামলার মধ্যেও ডিসিএএসে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি নিয়ে আগে গণমাধ্যম ও আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়েছিল পেন্টাগন। এর পরিপ্রেক্ষিতেই বুধবার ডেটাবেসে নতুন করে হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

নতুন তথ্য প্রকাশের পর ইরান যুদ্ধকে ঘিরে মার্কিন সামরিক বাহিনীর হতাহতের চিত্র আরও স্পষ্ট হয়েছে। তবে হতাহতদের পরিচয়, কোন কোন এলাকায় এবং কী ধরনের হামলায় তারা হতাহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন