ঢাকা অর্থনীতি ডেস্ক:
মাত্র কয়েক ঘণ্টা পরই দিনের বেলা নেমে আসবে রাতের মতো ঘন অন্ধকার। কয়েক মুহূর্তের জন্য আলোহীন হয়ে পড়বে পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চল। এমনই এক বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব আজ বুধবার (১২ আগস্ট)। সর্বশেষ এ ধরনের ঘটনা ঘটেছিল ২০২৪ সালের এপ্রিলে।
এই বিরল দৃশ্য ভালোভাবে দেখার সুযোগ পাবেন মূলত ইউরোপবাসী। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া, পর্তুগালসহ উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশ থেকেও গ্রহণটি দৃশ্যমান হবে। ১৯৯৯ সালের পর এই প্রথমবারের মতো ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। তবে বৃষ্টির আশঙ্কায় দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মধ্যে কিছুটা উদ্বেগও রয়েছে।
বাংলাদেশ সময় আজ রাত ৯টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণটি শুরু হবে এবং প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড স্থায়ী হবে। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো পুরোপুরি ঢেকে দেয়, তখন এই বিরল পূর্ণ সূর্যগ্রহণ ঘটে। বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আপাত আকার প্রায় সমান দেখানোর কারণেই পূর্ণগ্রাস গ্রহণ সম্ভব হয়।
নাসা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় দুপুর ১টা ১৫ মিনিট (ইডিটি) থেকে সূর্যগ্রহণের লাইভ সম্প্রচার শুরু হবে, যা বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিট। নাসার ওয়েবসাইটের নাসা লাইভ বিভাগে গিয়ে সরাসরি সম্প্রচারটি দেখা যাবে।
নাসার তথ্য অনুযায়ী, বছরে পৃথিবীতে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ দেখা যায়। তবে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলক বিরল। প্রতি এক শতাব্দীতে গড়ে ৬৬ বার বা দেড় বছর পরপর এটি ঘটে থাকে।










কমেন্ট করুন