ঢাকা অর্থনীতি ডেস্ক:
ভারতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে ঢাকার আরও সক্রিয় সহযোগিতা চেয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার (৭ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই অবস্থান স্পষ্ট করেন।
ব্রিফিংয়ে জয়সোয়াল জানান, অবৈধ অভিবাসী প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাংলাদেশকে আরও সক্রিয় ভূমিকায় আসতে হবে। তিনি জানান, বর্তমানে ২ হাজার ৮৬০টিরও বেশি জাতীয়তা যাচাইয়ের মামলা বাংলাদেশের কাছে অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে, যার মধ্যে বেশ কিছু মামলা পাঁচ বছরেরও অধিক সময় ধরে ঝুলে রয়েছে। জয়সোয়াল আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ এই যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবে, যাতে সুশৃঙ্খলভাবে প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল-পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের এক মন্ত্রীর ‘পুশব্যাক’ সংক্রান্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতীয় মুখপাত্র বলেন, “যেকোনো বিদেশি নাগরিক যিনি অবৈধভাবে ভারতে অবস্থান করছেন, তাকে প্রচলিত আইন এবং প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় ব্যবস্থা অনুযায়ী অবশ্যই ফেরত পাঠানো হবে। এটি আমাদের নিয়মিত নীতির অংশ।”
একই ব্রিফিংয়ে ভারত-বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত অভিন্ন ৫৪টি নদী প্রসঙ্গও উঠে আসে। জবাবে জয়সোয়াল জানান, দুই দেশের মধ্যকার পানিসংক্রান্ত সমস্যাগুলো সমাধানে একটি সুসংগঠিত দ্বিপক্ষীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে। এই ব্যবস্থার আওতায় নিয়মিত বিরতিতে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং উভয় দেশের স্বার্থ সংরক্ষণে আলোচনা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।










কমেন্ট করুন