Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

৭ নভেম্বরের তাৎপর্য ছিল অবরুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার মুক্তি: অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক, সাভার

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেছেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমানের মুক্তি শুধু একজন ব্যক্তির মুক্তি ছিল না; বরং এটি ছিল অবরুদ্ধ বাংলাদেশের অবদমিত স্বাধীনতার মুক্তি।”

২২ নভেম্বর ২০২৬, রবিবার গণ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকার ১৯৭৫ সালের ৭ নভেম্বরের তাৎপর্য ও গুরুত্ব মুছে ফেলার জন্য গত ১৭ বছর ধরে চেষ্টা করেছে। ইতিহাসকে চাপা দেওয়া যায়, কিন্তু কখনো মুছে ফেলা সম্ভব নয়।

বাংলাদেশের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে তিনি বলেন, ৩০ লাখ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে যে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটেছিল, তার মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন ও শোষণমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পর তৎকালীন সরকার যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন ও অর্থনীতির পুনরুজ্জীবনে পুরোপুরি সফল হতে পারেনি। সরকারের অব্যবস্থাপনা, অদক্ষতা, নেতা-কর্মীদের সীমাহীন দুর্নীতি, একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের প্রবণতা দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দেয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার মধ্য দিয়ে সেই সংকট আরও ঘনীভূত হয়।

এমন পরিস্থিতিতে খালেদ মোশাররফ জিয়াউর রহমানকে গৃহবন্দি করেন। পরবর্তীতে ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি লাভ করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন পথের সূচনা হয়। পরবর্তীতে ১৯৭৭ সালে জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

জিয়াউর রহমানের শাসনামলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের মানুষের নতুন রাষ্ট্রীয় পরিচয় প্রতিষ্ঠা, তাঁর রাজনৈতিক দর্শন ও উন্নয়নকৌশল, রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা সৃষ্টি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, অর্থনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের দৃঢ় অবস্থান তৈরির উদ্যোগ ছিল উল্লেখযোগ্য।

আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. ফুয়াদ হোসেন বলেন, ৭১, ৭৫, ৯০, ২০২৪ যতবারই বাংলাদেশ সংকটে নিপতিত হয়েছে ততবারই শহীদ জিয়ার আদর্শ দেশকে সংকট উত্তরণের পথ দেখিয়েছে। এদেশে এই একটি মাত্র পরিবার যাঁদের সকল কর্ম ও স্লোগাণে শুধুই বাংলাদেশ ধ্বণিত হয়েছে, সেটি প্রথম বাংলাদেশ-আমার শেষ বাংলাদেশ অথবা সবার আগে বাংলাদেশ। অথবা বাংলাদেশের বাইরে আমার আর কোন ঠিকানা নেই।

গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. ফুয়াদ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক এ. এস. এম. নোমান আলম, ছাত্র উপদেষ্টা মো. শাহ আলম, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন