Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

জলাবদ্ধতা দূর করতে নিজস্ব অর্থায়নে ২২টি খাল পুনঃখনন করবে ডিএসসিসি

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
নগরীর জলাবদ্ধতা নিরসন, পানির স্বাভাবিক গতিপ্রবাহ পুনরুদ্ধার এবং ডেঙ্গুর প্রকোপ হ্রাস করার লক্ষ্যে নিজস্ব অর্থায়নে ২২টি খাল পুনঃখননের পদক্ষেপ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৬ নভেম্বর) কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখননের কাজ শুরু হয়েছে।
এদিন খালটির পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। উদ্বোধনের পর দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খালের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সরেজমিনে তদারকি করেন তিনি।
ডিএসসিসির অঞ্চল-৯-এর আওতাধীন ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া ব্রিজ থেকে ফার্মের মোড় হয়ে কদমতলা পর্যন্ত বিস্তৃত এই খালটির দৈর্ঘ্য ১ দশমিক ৭২০ কিলোমিটার। গড়ে ১২ ফুট প্রশস্ত এই খালটি পুনঃখনন করতে প্রায় দুই মাস সময় লাগবে।
খননকালে খালটি থেকে আনুমানিক ৮ হাজার ৯২৫ ঘনমিটার বর্জ্য ও পলি অপসারণ করা হবে। এর পাশাপাশি খালের দুই তীরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ডিএসসিসির প্রাক্কলন অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলের প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ সরাসরি সুফল ভোগ করবেন। এর ফলে পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসার পাশাপাশি এলাকার পরিবেশ ও পরিচ্ছন্নতা পরিস্থিতিরও উন্নতি ঘটবে।
ডিএসসিসি সূত্রে জানা যায়, করপোরেশনের অধীনে শাখা খালসহ সর্বমোট ২৬টি খাল রয়েছে। এর মধ্যে নিজস্ব অর্থায়নে ২২টি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং অবশিষ্ট চারটি খালের পুনঃখনন ও উন্নয়নকাজ চলমান প্রকল্পের অধীনে বাস্তবায়িত হচ্ছে।
উদ্বোধনী আয়োজনে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে নগরবাসীর সার্বিক সহযোগিতা প্রার্থনা করেন। তিনি উল্লেখ করেন, সিটি করপোরেশন খাল খনন ও পরিষ্কারের কাজ সঠিকভাবে করছে কি না, তা স্থানীয় বাসিন্দাদের পর্যবেক্ষণ করতে হবে এবং কাজে কোনো প্রকার গাফিলতি পরিলক্ষিত হলে তা করপোরেশনকে অবহিত করতে হবে।
অতীতে খাল পরিষ্কারের পদক্ষেপ নেওয়া হলেও সেগুলো ফলপ্রসূভাবে বাস্তবায়িত হয়নি জানিয়ে তিনি বলেন, জনগণের কাজ জনগণকেই বুঝে নিতে হবে।
প্রশাসক আরও জানান, খাল পরিষ্কার ও দখলমুক্ত করার পর পুনরায় যেন কেউ তা দখল করতে না পারে এবং খালে ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে নাগরিকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। সরকারি সম্পদকে জনগণের সম্পদ হিসেবে অভিহিত করে এসব রক্ষণাবেক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।
এ সময় রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন এবং খাল পুনঃখনন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান প্রশাসক। সরকার ও জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করলে ঢাকা মহানগরীর সামগ্রিক দৃশ্যপটে দ্রুত ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও অভিমত ব্যক্ত করেন আবদুস সালাম।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আশরাফুল ইসলাম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন