Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী ১০ ধরনের খেলা বাধ্যতামূলক করার উদ্যোগ

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
বার্ষিক একাডেমিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে মিল রেখে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলা বাধ্যতামূলক করার পদক্ষেপ নিয়েছে সরকার। অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত করা এবং নৈতিকতাসম্পন্ন ও মাদকমুক্ত সমাজ গড়ার উদ্দেশ্যে এই উদ্যোগ বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন।
মহাপরিচালক জানান, নিয়মিত পাঠদানের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে নির্ধারিত ১০টি ক্রীড়া ইভেন্ট সারা বছর আয়োজনের লক্ষ্যে মাঠপর্যায়ে রূপরেখা ও নির্দেশনা পাঠানো হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী এসব খেলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা নির্ধারিত পিরিয়ডে কিংবা ক্লাসের ফাঁকে ফিটনেস ও খেলাধুলা চর্চার সুযোগ পাবে, যা তাদের শারীরিক ও মানসিক গঠনে এবং মোবাইল ও মাদক আসক্তি থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে।
মাউশির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি চিঠির পরিপ্রেক্ষিতে আজ মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলামের স্বাক্ষরে মাঠপর্যায়ে এই নির্দেশনা জারি করা হয়েছে।
মাউশির আওতাধীন দেশের সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক এবং জেলা শিক্ষা অফিসারদের বরাবর পাঠানো ওই নির্দেশনায় বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সংগতি রেখে বছরব্যাপী সুনির্দিষ্ট ১০টি খেলা আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
নির্ধারিত ইভেন্টগুলোর তালিকায় রয়েছে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডিসহ অন্যান্য খেলা।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরজুড়ে এই ১০টি খেলা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা ও সানুগ্রহ হস্তক্ষেপ কামনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিবের কাছে একটি পত্র পাঠিয়ে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ওই ডিও লেটারে প্রতিমন্ত্রী আমিনুল হক তুলে ধরেন যে, কর্মপটু, সৃজনশীল, দক্ষ ও তৎপর জাতি গঠনের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুনিপুণ বিকাশ এবং সুশাসনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। কিশোর-কিশোরী ও যুবসমাজের মধ্যে দলগত কাজের মানসিকতা (সেন্স অব টিম বিল্ডিং অ্যাপ্রোচ) গড়ে তোলা, দূরদর্শী নেতৃত্বের গুণাবলি (ভিশনারি লিডারশিপ কোয়ালিটি) মজবুত করা এবং শৃঙ্খলাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নৈতিক মানদণ্ড (মোরাল স্ট্যান্ডার্ডস) বজায় রাখতে খেলাধুলা বিশেষ ভূমিকা পালন করে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন