Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

শব্দদূষণ নিয়ন্ত্রণে হর্ন ও আতশবাজি বন্ধ এবং নীরব এলাকায় নিয়মিত অভিযানের নির্দেশ হাইকোর্টের

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
শব্দদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে আতশবাজি ও হর্নের ব্যবহার সীমিত করা এবং ঘোষিত নীরব এলাকাসমূহে নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা একটি জনস্বার্থমূলক রিটের প্রাথমিক শুনানি গ্রহণ শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এই আদেশ জারি করেন।
জারি করা রুলে শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন সংবিধান পরিপন্থী ও বেআইনি হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে নীরব এলাকাসমূহে শব্দদূষণ রোধে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি এবং তা বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।
আদালতের আদেশে নীরব এলাকাগুলোতে সুনির্দিষ্ট চিহ্ন বা সাইনবোর্ড স্থাপনের কথা বলা হয়েছে। পাশাপাশি শব্দ নিয়ন্ত্রণে নীরব এলাকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ ও মতবিনিময়; বিভিন্ন কর্মসূচি ও বিশেষ বার্তার (যেমন, এসএমএস) মাধ্যমে চালক, নির্মাণস্থলের ব্যবস্থাপক এবং শব্দদূষণ সৃষ্টির সম্ভাব্য অন্য ব্যক্তিদের মধ্যে সচেতনতা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর নির্দেশও প্রদান করা হয়েছে।
তদুপরি, অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করতে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা এবং সড়ক পরিবহন আইন অনুসারে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার পাশাপাশি আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে শব্দদূষণ সংক্রান্ত অভিযোগ ও অসন্তোষ নিষ্পত্তির জন্য একটি বিশেষ ব্যবস্থা প্রবর্তন করা (যেমন, হটলাইন নম্বর চালু) এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার বিধান সম্পর্কে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন আদালত। এসব নির্দেশনা বাস্তবায়ন করে প্রতি ৩ মাস অন্তর হাইকোর্টে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আদালতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির পক্ষে রিট মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার মো. আশরাফ আলী, যার সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী হাসানুল বান্না।
উল্লেখ্য, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুসারে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অফিস-আদালতের চারপাশের ১০০ মিটার এলাকাকে সুনির্দিষ্টভাবে নীরব এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যেই ঢাকা শহরের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরের তিন কিলোমিটার এলাকা; সচিবালয় ও এর আশপাশ, আগারগাঁও, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকা, ডিএনসিসি, গুলশান, বনানী, বারিধারা এবং নিকেতন এলাকাসমূহকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন