Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

কুমিল্লাকে বিভাগ ঘোষণা করে সম্মান রক্ষার আহ্বান সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
কুমিল্লাকে বিভাগ করে স্থানীয় মানুষের সম্মান রক্ষার দাবি জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি জানান, কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী হিসেবে ঘোষণার দাবিতে ১২ জন সংসদ সদস্য যৌথভাবে সরকারের কাছে চিঠি দিলেও এখন পর্যন্ত এর কোনো কার্যকর ফল মেলেনি। জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি সরকারের কাছে সুনির্দিষ্টভাবে জানতে চান, কবে নাগাদ কুমিল্লা বিভাগ বাস্তবায়িত হবে।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে মনিরুল হক চৌধুরী এই দাবি উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, কুমিল্লার দীর্ঘদিনের ঐতিহাসিক ও শিক্ষাগত ঐতিহ্য রয়েছে। কুমিল্লাকে মহানগরী করা হলেও এখনো মেট্রোপলিটন নগরীর আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি। দুটি পৌরসভাকে একীভূত করে মহানগরী গঠন করা হলেও অবকাঠামো ও নাগরিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হয়নি; বরং অনেক নাগরিক সেবা এখনো উপজেলা পর্যায় থেকেই পরিচালিত হচ্ছে। বিষয়টিকে তিনি কুমিল্লাবাসীর প্রতি অত্যাচার ও জুলুম হিসেবে অভিহিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, মাত্র এক মাসের মধ্যে কক্সবাজারে পৌরসভা গঠন করা হয়েছে। তাই আগামী এক বছরের মধ্যেই কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী ও বিভাগ হিসেবে ঘোষণা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংসদে মনিরুল হক চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী এখানে নেই। তিনি জানেন, আমাদের বিব্রত হওয়ার অবস্থাটা। এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম। কোনো কিছু করতে পারিনি। আশায় আশায় বেঁচে আছি। আশা করি, কুমিল্লার প্রতি সুবিচার করবেন। আল্লাহ আপনাদের প্রতি সুবিচার করবেন।”
তিনি আরও জানান, কুমিল্লাকে বিভাগ করার দাবি ওঠার পর দেশে আরও বেশ কয়েকটি নতুন বিভাগ গঠিত হয়েছে। এ প্রসঙ্গে আরও অনেক কিছু বলার থাকলেও তিনি কেবল কুমিল্লার মানুষের সম্মান রক্ষার আহ্বান জানানোর ওপরই গুরুত্ব দেন।
কুমিল্লার প্রতি সুবিচার করা হবে এমন প্রত্যাশা রেখে স্পিকারের মাধ্যমে তিনি সরকারের কাছে অবিলম্বে জানতে চান, কবে কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে। তিনি পুনরায় স্মরণ করিয়ে দেন যে, কুমিল্লার দাবির পর অনেক বিভাগ হলেও তাদের দাবি পূরণ হয়নি এবং আরও অনেক দাবি থাকলেও তিনি শুধু স্থানীয়দের ইজ্জত রক্ষার অনুরোধ জানান।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন