ঢাকা অর্থনীতি ডেস্ক:
সিলেট টেস্টে বাংলাদেশকে জিততে হলে করতে হবে ৩৬৯ রান। শেষ দিনের সকালে ১০ ওভারে ৫৩ রান যোগ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনই ৩১৫ রানের লিড নিয়ে ম্যাচটা বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে গিয়েছিল সফরকারীরা। আজ আরো ৫০ মিনিট ব্যাটিং করে তারা ইনিংস ঘোষণা করে।
সমতায় সিরিজ শেষ করতে চাইলে নাজমুল হোসেন শান্তর দলকে এই রান তাড়া করে জিততে হবে। সর্বোচ্চ ৮০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেতে পারে স্বাগতিকেরা।
তৃতীয় উইকেটে ৩৪৫ রান নিয়ে দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস ঘোষণার সময় তাদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৯৮ রান।
দিনের দ্বিতীয় ওভারেই ১৪০ রানে অপরাজিত থাকা কাভেম হজকে ফেরান নাঈম ইসলাম। হজ আর মাত্র ২ রান যোগ করতে পেরেছেন। এরপর মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হন জাস্টিন গ্রিভস। দ্রুত রান তোলার আশায় বড় শট খেলতে গিয়ে নাঈমের বলে তানজিদ হাসানের হাতে ধরা পড়েন শামার জোসেফ। আমির জাঙ্গু ৩৯ ও জোশুয়া বিশপ ২০ রানে অপরাজিত থাকেন।
ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পাওয়ায় এই ম্যাচে ব্যাটিং করতে পারছেন না সাদমান ইসলাম। তাঁর বদলে তানজিদের উদ্বোধনী সঙ্গী হিসেবে রান তাড়া করতে নেমেছেন অধিনায়ক শান্ত।
বাংলাদেশকে এই টেস্ট জিততে হলে গড়তে হবে রেকর্ড। নিজেদের ২৬ বছরের টেস্ট ইতিহাসে কখনো ২১৭ রানের বেশি তাড়া করে জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।










কমেন্ট করুন