Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট, জ্বালানি ও প্রতিরক্ষা

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
জলবায়ু অর্থায়নে বৈশ্বিক সংহতি বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে আজ তিন দিনের সরকারি সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এ সফরকে ঢাকা ও আঙ্কারার মধ্যকার সম্পর্কের নতুন মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) ১১ ও ১২ নভেম্বর উচ্চপর্যায়ের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অধিবেশনে অংশ নেবেন তিনি। সফর শেষে ১২ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে রোহিঙ্গা সংকট, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং শিক্ষা ও সাংস্কৃতিক আদানপ্রদানসহ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো গুরুত্ব পাবে।
জলবায়ু অর্থায়ন ও কৌশলগত অংশীদারি: ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ রক্ষায় দুই দেশ যৌথ অবস্থান নেবে। পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য প্রযুক্তি স্থানান্তরের পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক থেকে সরাসরি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ এবং সৌর ও বায়ুবিদ্যুৎ খাতে তুর্কি বিনিয়োগ আকর্ষণের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
প্রতিরক্ষা ও ড্রোন প্রযুক্তিতে জোর: বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে তুরস্ক থেকে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, সাঁজোয়া যান ও নৌ-প্রতিরক্ষা সরঞ্জাম কেনা এবং যৌথ প্রতিরক্ষা উৎপাদন ও প্রযুক্তি স্থানান্তরের বিষয়টি এজেন্ডার শীর্ষে রয়েছে। বর্তমানে দুদেশের বাণিজ্যিক লেনদেন প্রায় ২ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌছেছে, যা আরও বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়েও আলোচনা হতে পারে।
রোহিঙ্গা সংকট: আন্তর্জাতিক মঞ্চে রোহিঙ্গা সংকট যেন আড়ালে না পড়ে, সে লক্ষ্যে মুসলিম বিশ্বের শক্তিশালী প্রতিনিধি হিসেবে তুরস্কের কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানাবে বাংলাদেশ।
জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর: এদিকে সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, “সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে। একটি সরকারের সার্বিক সফলতার জন্য সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অত্যন্ত জরুরি।” অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শীর্ষ ১০ জন কর্মকর্তার হাতে সনদপত্র তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী এবং সচিব কামরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন