Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

হামজাকে মাঠছাড়া করে রেফারি, ক্ষোভ ঝাড়লেন শেফিল্ড কোচ

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

পোর্টসমাউথের বিপক্ষে হারের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ মিডফিল্ডার হামজা চৌধুরীকে। মাঠের হারের পর নিষেধাজ্ঞার ধাক্কা, সব মিলিয়ে রাতটা মোটেও ভালো কাটেনি তাঁর। ফলে আগামী ম্যাচে হামজাকে ছাড়াই খেলতে হবে শেফিল্ড ইউনাইটেডকে। তবে এই লাল কার্ডের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না দলটির কোচ ক্রিস ওয়াইল্ডার। ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছেন তিনি।

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর ইএফএল চ্যাম্পিয়নশিপের এই ম্যাচ শেফিল্ড ইউনাইটেডের জন্য হতাশার হয়ে ধরা দিয়েছে। পরাজয়ের পাশাপাশি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজাকে পরের ম্যাচে না পাওয়ার শঙ্কাও তৈরি হয়েছে। এক ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হলে ইএফএলের নিয়ম অনুযায়ী সাধারণত এক ম্যাচের নিষেধাজ্ঞা পান কোনো খেলোয়াড়। সেই হিসাবে আগামী শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে মাঠে নামতে পারবেন না বাংলাদেশের এই মিডফিল্ডার।

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ওয়াইল্ডার। তাঁর দাবি, শুরুতে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে হামজাকে লাল কার্ড দেখানো হবে না। পরে সিদ্ধান্ত বদলে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাঁকে মাঠ থেকে বের করে দেন রেফারি।

ওয়াইল্ডারের মতে, পুরো ঘটনা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে। তিনি বলেন, ‘হামজা আর কোথায় যাবে? সে কি রেন্টাগোস্ট সিরিজের মিস্টার ক্লেপোলের মতো হাওয়ায় মিলিয়ে যাবে? মাঠজুড়েই এমন ঘটনা ঘটে। স্যাম ম্যাককালামকেও তিন-চারবার আটকে দেয়া হয়েছে।’

রেফারির সিদ্ধান্ত নিয়ে সরাসরি মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার কথাও জানান শেফিল্ড কোচ। তাঁর ভাষায়, ‘হামজা কোথায় যাবে, সেটাই আমি বুঝতে পারছি না। এ নিয়ে কী বলতে চাই, তা আমাকে খুব সাবধানে বলতে হচ্ছে। কারণ, হয়তো যা বলতে চাই, তা বলছি না।’

নিজের বক্তব্যের পক্ষে ওয়েস্ট হাম ও কুইন্স পার্ক রেঞ্জার্সের মধ্যকার একটি ম্যাচের উদাহরণও টানেন ওয়াইল্ডার। তাঁর দাবি, ওই ম্যাচে ৯৩ মিনিটে ওয়েস্ট হাম পেনাল্টি পেয়েছিল। পরে জার্সি টানার বিষয়ে চতুর্থ অফিশিয়ালের কাছে জানতে চেয়েছিলেন তিনি।

হামজার লাল কার্ড প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করে ওয়াইল্ডার আরও বলেন, ‘আমাদের বলা হয়েছিল, হামজাকে লাল কার্ড দেখানো হবে না। প্রতিপক্ষের খেলোয়াড়েরা রেফারির কাছে গিয়ে আবেদন করতেই পারে, খেলার অংশ হিসেবেই এসব হয়। কিন্তু আমাদের মনে হচ্ছে, আমরা অন্যায়ের শিকার হয়েছি।’

পয়েন্ট তালিকায় পিছিয়ে শেফিল্ড

পোর্টসমাউথের কাছে হারের পর ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে আছে শেফিল্ড ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই ১৬ নম্বরে রয়েছে পোর্টসমাউথ।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন