Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ, জানালেন জ্বালানিমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

দেশে জ্বালানি সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ইরান-ইসরায়েলের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় জ্বালানি সংগ্রহে সাময়িক জটিলতা দেখা দিয়েছিল।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জ্বালানিমন্ত্রী।

তিনি জানান, তেল ও গ্যাস সরবরাহের প্রধান কেন্দ্র মধ্যপ্রাচ্য ইরান-ইসরায়েলের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে জ্বালানির বিকল্প উৎস খুঁজে পেতে কিছুটা সময় লেগে যায়। জ্বালানি কেনার পরও সেগুলো দেশে আনা সম্ভব হয়নি। এর মধ্যে এফএসআরইউতে আগুন লাগার ঘটনাও ঘটে। এসব দুর্যোগ ও জটিলতা কাটিয়ে বর্তমানে জ্বালানি সরবরাহের লাইন স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।

জ্বালানি এখন সঠিকভাবেই দেশে আসছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তার ভাষ্য, এ ধরনের সাময়িক পরিস্থিতি বিশ্বের বিভিন্ন জায়গাতেই তৈরি হয়েছে। জ্বালানি সরবরাহের ঘাটতি ও দুর্ঘটনার কারণে পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লেগেছে।

ইকবাল হাসান মাহমুদ জানান, বর্তমানে জ্বালানি দেশে আনা সম্ভব হয়েছে এবং সরবরাহের শিডিউলও ঠিক করা হয়েছে। ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেনি। জনগণের কষ্ট কমাতে বিকল্প উৎস খুঁজে বের করা হয়েছে এবং বেশি দাম দিয়েও গ্যাস আনা হয়েছে। সামনে আর কোনো সমস্যা না হলে আগামী দিনগুলো ভালোভাবে চালানো সম্ভব হবে। বিষয়টিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উদ্যোগ নেওয়ায় দ্রুত সমাধান সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন