Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

জার্মানিতে স্থায়ী হওয়ার নতুন পথ, যেভাবে পাওয়া যাবে ব্লু কার্ড

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

জার্মানিতে বর্তমানে দক্ষ পেশাজীবীদের জন্য প্রায় ৬ লাখ ৫০ হাজার পদ শূন্য রয়েছে। ফলে দেশটিতে ক্যারিয়ার গড়া ও দীর্ঘমেয়াদে বসবাসের পরিকল্পনা করা বিদেশি কর্মীদের সামনে তৈরি হয়েছে নতুন সুযোগ।

সম্প্রতি দুবাইয়ের দুসিত থানি হোটেলে অনুষ্ঠিত ‘গালফ নিউজ লেভেলআপ’ সম্মেলনের এক ফায়ারসাইড চ্যাটে এ তথ্য জানান ওয়াই-অ্যাক্সিসের ডিরেক্টর ক্লিন্ট খান।

‘অপরচুনিটি কার্ড’ কী?

জার্মানিতে দক্ষ কর্মীদের প্রবেশের অন্যতম পথ হলো অপরচুনিটি কার্ড (Opportunity Card)। এটি এমন একটি রেসিডেন্স পারমিট, যার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশের নাগরিকরা আগে থেকে চাকরির চুক্তি ছাড়াই সর্বোচ্চ ১২ মাস জার্মানিতে থেকে চাকরি খুঁজতে পারেন।

ক্লিন্ট খানের ভাষ্য অনুযায়ী, এই কার্ড নিয়ে জার্মানিতে গিয়ে শুরুতে খণ্ডকালীন (পার্ট-টাইম) কাজ করা যায়। পরে পূর্ণকালীন চাকরি পাওয়া এবং নিয়োগকর্তার স্পন্সরশিপ মিললে সেটি নির্দিষ্ট ওয়ার্ক পারমিটে রূপান্তর করা সম্ভব।

আবেদন করতে পারবেন যারা

মূলত পয়েন্টভিত্তিক পদ্ধতির মাধ্যমে অথবা জার্মানিতে স্বীকৃতিপ্রাপ্ত বিদেশি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন দক্ষ কর্মী হিসেবে এই কার্ডের জন্য যোগ্য বিবেচিত হতে পারেন আবেদনকারীরা। পয়েন্ট পদ্ধতির ক্ষেত্রে আবেদনকারীর একটি স্বীকৃত একাডেমিক বা ভোকেশনাল ডিগ্রি, নিজের খরচ চালানোর মতো পর্যাপ্ত অর্থ এবং নির্ধারিত পয়েন্ট থাকা আবশ্যক। পেশাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, বয়স ও ভাষা দক্ষতার ভিত্তিতে এই পয়েন্ট দেওয়া হয়।

ক্লিন্ট খান উল্লেখ করেন, “যেসব পেশাজীবী উপযুক্ত চাকরি নিশ্চিত করতে পারেন, তাদের জন্য জার্মানিতে স্থায়ী হওয়ার আরেকটি মাধ্যম হলো ইইউ ব্লু কার্ড। নির্ধারিত বেতনের শর্ত পূরণকারী যোগ্য চাকরির অফার থাকা উচ্চশিক্ষিত কর্মীদের লক্ষ্য করেই এটি প্রণয়ন করা হয়েছে।”

নির্ধারিত বেতনের শর্ত পূরণকারী চাকরির অফার যাদের রয়েছে, তাদের জন্য ইইউ ব্লু কার্ড (EU Blue Card) জার্মানিতে কাজ ও স্থায়ী হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ পথ।

ক্লিন্ট খান জানান, নির্দিষ্ট শর্ত পূরণ করলে ২৭ মাস পর স্থায়ী বসবাসের (Permanent Residence) অনুমতি পেতে পারেন ব্লু কার্ডধারীরা। আর বি-১ (B1) স্তরের জার্মান ভাষা দক্ষতা থাকলে ২১ মাসের মধ্যেই এ সুযোগ পাওয়া সম্ভব।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন