Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

লাইসেন্স ছাড়াই চলছে ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম, লেনদেনে গ্রাহকদের সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

কোনো ধরনের লাইসেন্স ছাড়াই পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটরকে শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে বিষয়টি জানানো হয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকেও (বিএফআইইউ)।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিটিআরসিকে পাঠানো চিঠিতে এসব প্ল্যাটফর্মের ওয়েবসাইট ও গুগল প্লে স্টোরে থাকা অ্যাপ সরিয়ে নেওয়া এবং সেগুলো স্থায়ীভাবে বন্ধ করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ লাইসেন্সবিহীন এসব অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম শনাক্ত করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির পেমেন্ট সেবা প্রদান ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।

এ কারণে এসব প্ল্যাটফর্মে লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের শনাক্ত করা লাইসেন্সবিহীন ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম হলো: BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay/CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto এবং PipraPay।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন