Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও দেশে বৃদ্ধি পেল জ্বালানি তেলের দাম 

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশের বাজারে দাম বাড়ানোর দিনই আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম। সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। একই দিনে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ পরিস্থিতি প্রত্যাশার তুলনায় বেশি থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলেও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ তুলনামূলকভাবে শক্তিশালী থাকায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৫ ডলারে নেমে আসে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৮৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৪৬ ডলারে দাঁড়ায়।

জেপি মরগানের বিশ্লেষকরা ১৮ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে বলেছেন, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে বিঘ্ন ঘটলেও মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ ‘প্রত্যাশার চেয়ে শক্তিশালী’ রয়েছে।

তাদের হিসাবে, গত ১০ দিনে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ৭১ লাখ ব্যারেল তেল সরবরাহ হয়েছে। তবে এই পরিমাণ ২০২৫ সালের গড় সরবরাহের চেয়ে প্রতিদিন ৬১ লাখ ব্যারেল কম।

বার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি। এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

এর আগে ১৯ এপ্রিল থেকে ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। একই সময়ে কেরোসিন ১৮, পেট্রল ১৯ এবং অকটেন ২০ টাকা বাড়ানো হয়। জুনে কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম আরও ৫ টাকা করে বাড়ে। এরপর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর পর্যন্ত দাম অপরিবর্তিত ছিল।

সূত্র: সিএনবিসি

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন