Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

বাণিজ্য সচিবকে ছয়টি লিখিত প্রস্তাব দিল বাংলাদেশ-চায়না চেম্বার, গুরুত্ব পেল বন্ডেড ওয়্যারহাউজের অপব্যবহার প্রসঙ্গ

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

চীনের বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাণিজ্য সচিবের কাছে মোট ছয়টি লিখিত প্রস্তাব উপস্থাপন করেছে বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই)। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশি পণ্যের জন্য চীনে অন্তত ২০টি স্থায়ী প্রদর্শনী কেন্দ্র স্থাপনের সুপারিশও।

সংগঠনটির সভাপতি মোহা. খোরশেদ আলমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসব প্রস্তাব তুলে ধরে।

বিসিসিসিআই সূত্রে জানা গেছে, আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বন্ডেড ওয়্যারহাউজ বা গুদামের অপব্যবহারের বিষয়টি।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বন্ডেড পণ্য অননুমোদিতভাবে স্থানীয় বাজারে বিক্রি করার কারণে সুষ্ঠু ব্যবসার ক্ষেত্রে তৈরি হচ্ছে অসম প্রতিযোগিতা। এর পাশাপাশি বিশেষত চীন থেকে সম্ভাব্য বিদেশি বিনিয়োগও নিরুৎসাহিত হচ্ছে বলে জানানো হয়। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে আরও কঠোর নজরদারি ও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে প্রকৃত বিনিয়োগকারী এবং নিয়ম মেনে ব্যবসা পরিচালনাকারীদের জন্য সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জানায় সংগঠনটি।

বিসিসিসিআইয়ের বাকি প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে চীনে বাংলাদেশের পণ্যের জন্য অন্তত ২০টি স্থায়ী প্রদর্শনী কেন্দ্র স্থাপন, চীনের বাজারে রপ্তানি আরও বাড়ানো, দেশটির বড় বাণিজ্য মেলাগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ জোরদার করা, বাংলাদেশে একটি চীনা ব্যাংকের শাখা স্থাপনে সহযোগিতা এবং চীনের সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক সহযোগিতা সম্প্রসারণ।

সাক্ষাতে প্রতিনিধিদলটি কুনমিংয়ে অনুষ্ঠিত দশম চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের অভিজ্ঞতাও তুলে ধরে। এ সময় বাংলাদেশের পণ্যের প্রচার আরও বাড়ানো এবং চীনা বিনিয়োগ আকর্ষণে বিদ্যমান সুযোগগুলো কাজে লাগানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ওই সভায় উপস্থিত ছিলেন বিজিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি হান জিংচাও, জ্যেষ্ঠ সহসভাপতি এ জেড এম আজিজুর রহমান, মহাসচিব জামিলুর রহমান এবং নির্বাহী পরিচালক মো. আবু তাহের।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন