Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ভোটকেন্দ্র চূড়ান্ত করল ইসি, ইউপিতে সর্বোচ্চ ৪৬ হাজার ৩৯৭টি

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সবচেয়ে বেশি সংখ্যক ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য, মোট ৪৬ হাজার ৩৯৭টি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানান ইসি কর্মকর্তারা।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চূড়ান্ত হওয়া ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে স্থায়ী কেন্দ্র ৪৫ হাজার ৯৭২টি ও অস্থায়ী কেন্দ্র ৪২৫টি। এসব কেন্দ্রে ভোটকক্ষের সংখ্যা দাঁড়াবে ২ লাখ ১৫ হাজার ৭৩৯টিতে, যার মধ্যে স্থায়ী ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ১৩ হাজার ৫৮০টি। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে ইসি।

উপজেলা পরিষদ নির্বাচনের জন্য নির্ধারণ করা হয়েছে ৪১ হাজার ৪৬৬টি ভোটকেন্দ্র, যার মধ্যে ৪১ হাজার ৪৪৭টি স্থায়ী ও ১৯টি অস্থায়ী। এই নির্বাচনে মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ৩৩ হাজার ৩০৫টি, স্থায়ী ২ লাখ ১৯ হাজার ৮২২টি এবং অস্থায়ী ১৩ হাজার ৪৮৩টি।

পৌরসভা নির্বাচনের জন্য নির্ধারিত হয়েছে ৫ হাজার ২০২টি ভোটকেন্দ্র। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৫ হাজার ১৮৪টি এবং অস্থায়ী ১৮টি, মোট ভোটকক্ষ ২৫ হাজার ৯৬৬টি যার মধ্যে স্থায়ী ২৪ হাজার ৭৬৯টি ও অস্থায়ী ১ হাজার ১৯৭টি।

সিটি করপোরেশন নির্বাচনের জন্য ইসি চূড়ান্ত করেছে ৫ হাজার ১৫১টি ভোটকেন্দ্র। এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ থাকবে ২৩ হাজার ১০৭টি এবং অস্থায়ী ১ হাজার ৯৫৮টি, সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা ২৫ হাজার ৬৫টি।

অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের মতো জেলা পরিষদ নির্বাচন সরাসরি ভোটে না হওয়ায় এ জন্য আলাদাভাবে কোনো ভোটকেন্দ্র নির্ধারণের প্রয়োজন হয়নি বলে জানানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ইতিমধ্যে জানিয়েছেন, সেপ্টেম্বরেই তফসিল ঘোষণার মধ্য দিয়ে নভেম্বরে ইউপি নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের। কয়েক ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের ভাষ্যে, ইউপি ও পৌরসভা নির্বাচন আগে আয়োজন করার পরিকল্পনা রয়েছে কমিশনের। এরপর ধাপে ধাপে আয়োজন করা হবে অন্য স্থানীয় সরকার নির্বাচনগুলো।

ইসি কর্মকর্তাদের তথ্যমতে, দেশে বর্তমানে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি, এর মধ্যে চলতি বছর নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন। বিভিন্ন কারণে ১০৮টি ইউনিয়নে নির্বাচন সম্ভব হয়নি।

দেশের মোট ৩৩০টি পৌরসভার মধ্যে নির্বাচন উপযোগী রয়েছে ৩২০টি, বাকি ১০টি আইনি জটিলতার কারণে এখনো নির্বাচন উপযোগী হয়নি।

নতুন পাঁচটি উপজেলাসহ দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা ৫০০টি। কোনো উপজেলাতেই বর্তমানে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সবক’টি উপজেলাই নির্বাচন উপযোগী।

একইভাবে নতুন যুক্ত হওয়া বগুড়া সিটি করপোরেশনসহ দেশে মোট সিটি করপোরেশনের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টি। এসবের কোনোটিতেই বর্তমানে নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবগুলো সিটি করপোরেশনই নির্বাচন উপযোগী বলে জানানো হয়েছে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে ইসি। হালনাগাদ এই তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন