Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে এক মাসের বেতন দান নেপালের মন্ত্রীদের

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় বিপন্ন জনগোষ্ঠীর সহায়তায় নিজেদের এক মাসের সমপরিমাণ বেতন ‘প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে’ হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন দেশটির মন্ত্রিসভার সদস্যগণ।

আজ শুক্রবার (২৮ আগস্ট) আয়োজিত মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছে নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ।

সরকারি একটি বিবৃতিতে উল্লেখ করা হয়, চলতি সপ্তাহে নেপাল ও চীনের সীমান্তবর্তী অঞ্চলজুড়ে দেখা দেওয়া প্রলয়ঙ্কারী বন্যায় প্রাণহানি ও বিপুল বস্তুগত ক্ষতির মুখে পড়া দুর্গত মানুষদের তাৎক্ষণিক সহায়তা জোগাতে মন্ত্রীরা তাঁদের পুরো এক মাসের বেতন অনুদান হিসেবে প্রদানের উদ্যোগ নিয়েছেন।

একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে একটি বিশেষ সহায়তা প্যাকেজ চূড়ান্ত করার জন্য নির্দেশ দিয়েছে দেশের মন্ত্রিসভা। এ সংক্রান্ত উপযুক্ত কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়ে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।

নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নেপাল-চীন সীমান্ত সংলগ্ন রাসুওয়াগাধি, ভোতেকোশি নদীর অববাহিকা এবং সংলগ্ন নিম্নাঞ্চলের ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসন প্রক্রিয়া সর্বোচ্চ প্রাধান্য পাবে।

উল্লেখ্য, ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে এসব এলাকার অগণিত বসতবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সড়ক যোগাযোগ কাঠামোর মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে। বর্তমানে দুর্গত অঞ্চলগুলোতে জরুরি ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনার পাশাপাশি সার্বিক ক্ষয়ক্ষতি লাঘব এবং ভুক্তভোগীদের ঘুরে দাঁড় করানোর বিষয়ে জোর নজর দিচ্ছে নেপাল সরকার।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন