Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

শিক্ষা ও কারিগরি খাতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও চীন

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
শিক্ষা এবং কারিগরি শিক্ষার মান বৃদ্ধি ও প্রসারে চীনের সাথে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর বিশেষ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তিনি।
গত সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে চীনা প্রতিনিধিদল শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সাম্প্রতিক গৃহীত পদক্ষেপ ও অগ্রগতির প্রশংসা করেন। এ সময় শিক্ষামন্ত্রী বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও শিক্ষা খাতের অগ্রগতিতে চীন সরকারের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানান।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, দেশের জনসংখ্যাকে প্রকৃত জনসম্পদে রূপান্তরিত করতে পারলে বাংলাদেশকে অগ্রগতির উচ্চতর শিখরে পৌঁছে দেওয়া সম্ভব। আর এই উদ্দেশ্য বাস্তবায়নেই সরকার ‘টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন’ বা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে।
তিনি আরও যোগ করেন, নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানের ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও কারিগরি ক্ষেত্রে চীনের সাথে যৌথ অংশীদারত্ব আরও সম্প্রসারিত করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
আলোচনাকালে ভবিষ্যতে দুই দেশের মধ্যকার শিক্ষার গুণগত মান বাড়ানো এবং কারিগরি শিক্ষার বিস্তারে অধিকতর ঘনিষ্ঠ হয়ে কাজ করার ব্যাপারে আশাবাদ প্রকাশ করা হয়।
উক্ত সৌজন্য সাক্ষাতে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন