Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

গণ বিশ্ববিদ্যালয়ে ‘দ্য আর্ট অব একাডেমিক প্রফেশনালিজম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

গণ বিশ্ববিদ্যালয়ে ‘দ্য’ আর্ট অব একাডেমিক প্রফেশনালিজম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ আগস্ট, বুধবার গণ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি আয়োজিত এ কর্মশালার মূল লক্ষ্য ছিল শিক্ষক ও কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, নৈতিকতা এবং একাডেমিক পরিবেশে পেশাদারিত্বের চর্চা আরও সমৃদ্ধ করা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. জহিরুল ইসলাম খান, অতিরিক্ত পরিচালক ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন ড. ফুয়াদ হোসেন এবং মোঃ খালেকুজ্জামান তিনটি ভিন্ন ভিন্ন সেশন পরিচালনা করেন।

কর্মশালায় একাডেমিক পেশাজীবীদের দায়িত্ব ও কর্তব্য, পেশাগত আচরণ, নেতৃত্বের গুণাবলি, সহকর্মীদের সঙ্গে কার্যকর যোগাযোগ, শিক্ষার্থীবান্ধব একাডেমিক পরিবেশ এবং উচ্চশিক্ষায় মানসম্পন্ন পেশাদারিত্বের গুরুত্ব নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি একজন শিক্ষক কীভাবে তাঁর জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের মাধ্যমে একটি ইতিবাচক ও মানসম্মত একাডেমিক সংস্কৃতি গড়ে তুলতে পারেন, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আবুল হোসাইন বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে শুধু প্রাতিষ্ঠানিক অবকাঠামো নয়, শিক্ষক ও একাডেমিক পেশাজীবীদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে একাডেমিক পেশাদারিত্বের বিকাশ অপরিহার্য।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. জহিরুল ইসলাম খান বলেন, একাডেমিক উৎকর্ষ অর্জনের জন্য জ্ঞানচর্চার পাশাপাশি পেশাগত শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা প্রয়োজন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট একাডেমিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এ ধরনের কর্মশালা অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশকে আরও উন্নত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন