Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ইসরায়েল মার্কিন সহায়তা ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার সাহস রাখে না: আইআরজিসি

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

আমেরিকা ও পশ্চিমা বিশ্বের সহায়তা ছাড়া ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হওয়ার কোনো সামর্থ্যই নেই বলে কড়া বার্তা দিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর উপ-রাজনৈতিক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, জায়নবাদী এই শাসকগোষ্ঠীর এককভাবে ইরানের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো সামরিক সক্ষমতা নেই। বিগত ১২ দিনের সংঘাতের উদাহরণ টেনে তিনি বলেন, সেই আগ্রাসনে ইসরায়েলের অংশগ্রহণ কেবল মার্কিন সমর্থনের কারণেই সম্ভব হয়েছিল।

ইরানি প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের রূপান্তরের কথা উল্লেখ করে এই শীর্ষ কর্মকর্তা জানান, দেশের সর্বোচ্চ নেতার জারি করা সাম্প্রতিক সামরিক নিয়োগগুলো বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইরান-ইরাক যুদ্ধের অভিজ্ঞ ও পরীক্ষিত কমান্ডারদের শীর্ষ পদে বসানোর মাধ্যমে তেহরান প্রতিরক্ষামূলক কৌশলকে আক্রমণাত্মক রূপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধি এবং ‘প্রত্যেক ইরানি একজন বাসিজ’ এই দর্শনকে সামনে রেখে শত্রুকে যেকোনো আকস্মিক হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জাভানি আরও জানান, অতীতে শত্রুর ভুল হিসাবের কারণে যুদ্ধ শুরু হলেও বর্তমান পরিস্থিতিতে ইরান আর আগের অবস্থানে নেই। তেহরান কখনো যুদ্ধ শুরু করতে চায় না, তবে চলমান সংঘাতে শত্রুকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। শত্রুরা অতর্কিত হামলায় ইরানকে অপ্রস্তুত করতে পারবে না, বরং তাদেরকেই তেহরানের নতুন কৌশলগত বিস্ময়ের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি।

সূত্র: মেহের নিউজ

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন