Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

নোলানের ‘দ্য ওডিসি’ এখন স্টার সিনেপ্লেক্সে, বিশ্বের সঙ্গে একই দিনে মুক্তি

ঢাকা অর্থনীতি ডেস্ক:

হলিউডের অন্যতম সেরা নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ১৭ জুলাই। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, একই দিনে স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে সিনেমাটি।

প্রায় তিন হাজার বছর আগের গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত এই বিশাল বাজেটের ছবি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা চলছে। ট্রোজান যুদ্ধে এক দশক কাটানোর পর গ্রিক বীর ওডিসিয়াসের দীর্ঘ ও বিপদসংকুল ঘরে ফেরার যাত্রাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই চলচ্চিত্রের কাহিনি। ভয়াল সমুদ্র, অচেনা দ্বীপ, অদ্ভুত প্রাণী ও দেব-দেবীর রোষ পেরিয়ে প্রায় ২০ বছর পর নিজ রাজ্য ইথাকায় ফেরার সংগ্রামই এই মহাকাব্যের মূল সুর।

ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তার ছেলে টেলিমাকাসের ভূমিকায় টম হল্যান্ড এবং স্ত্রী পেনেলোপের চরিত্রে দেখা যাবে অ্যান হ্যাথাওয়েকে। ছবিতে আরও অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি ও জন বার্নথালসহ একঝাঁক তারকা।

‘দ্য ডার্ক নাইট’ ট্রিলজি, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ ও ‘ওপেনহাইমার’-এর নির্মাতা নোলান জানিয়েছেন, ‘দ্য ওডিসি’ই তার ক্যারিয়ারের সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন ও সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট। তার কথায়, “প্রতিটি ছবিরই নিজস্ব চ্যালেঞ্জ থাকে। কিন্তু এই ছবিতে যেন প্রতিটি ধাপেই নতুন নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল।” মরক্কো, গ্রিস, ইতালি ও আইসল্যান্ডসহ একাধিক দেশে হয়েছে এই ছবির শুটিং।

শুটিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে টম হল্যান্ড বলেন, মরক্কোতে সেটে পৌঁছে তিনি যেন কয়েক হাজার বছর পিছিয়ে গিয়েছিলেন। হাজার হাজার শিল্পী, সৈন্যদের সারি, সমুদ্রতীরে শত শত নৌকা দেখে তার মনে হয়েছিল, “আমি যেন কোনও সিনেমার সেটে নয়, ইতিহাসের এক অধ্যায়ে পৌঁছে গিয়েছি।”

ম্যাট ডেমন জানান, হলিউডে দীর্ঘদিন কাজ করলেও এমন আয়োজন আগে কমই দেখেছেন। ট্রয়ের পতনের একটি দৃশ্যের শুটিং প্রসঙ্গে তিনি বলেন, চারদিকে আগুনে জ্বলছে বাড়িঘর, হাজার হাজার এক্সট্রা শিল্পী যুদ্ধ করছে। শট শেষে সিনেমাটোগ্রাফার তাকে মনে করিয়ে দেন, এত বিশাল আয়োজন আসলে ছবির একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য মাত্র।

প্রযুক্তির দিক থেকেও ‘দ্য ওডিসি’ নোলানের ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটিই তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। দর্শকদের সবচেয়ে বাস্তব ও নিমগ্ন সিনেমা দেখার অভিজ্ঞতা উপহার দেওয়াই তার লক্ষ্য বলে জানিয়েছেন নোলান।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন