Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

জুলাইযোদ্ধারা পুরস্কারের আশায় নয়, দেশের টানেই রাজপথে নেমেছিলেন: তথ্য উপদেষ্টা

ঢাকা অর্থনীতি ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন, তারা কোনো সুবিধা বা পুরস্কারের আশায় আন্দোলনে অংশ নেননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও জুলাই বিষয়ক অডিও ভিজ্যুয়াল প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থেকে গেলে আন্দোলনকারীদের অনেকেই চিকিৎসা বা সহায়তা পাওয়া তো দূরের কথা, কারাগারেও যেতে পারতেন। সেই ঝুঁকি সম্পর্কে জেনেই তারা আন্দোলনে অংশ নিয়েছিলেন।

রাষ্ট্র আর্থিক সহায়তা দেবে বা চিকিৎসার ব্যবস্থা করবে, এমন প্রত্যাশা নিয়ে কেউ গণঅভ্যুত্থানে যোগ দেননি বলেও জানান তিনি। তবে এর অর্থ এই নয় যে রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়ে গেছে। আহত, নিহতদের পরিবার ও সংশ্লিষ্টদের পাশে দাঁড়ানো সরকারের কর্তব্য বলেও উল্লেখ করেন তিনি।

জুলাই ফাউন্ডেশনের কর্মীদের বেতন বন্ধ থাকার বিষয়টি তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, পাঁচ মাস ধরে বেতন না পাওয়া এবং প্রয়োজনীয় সরঞ্জামের সংকট থাকা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এরপরও তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে প্রশংসা করেন তিনি এবং সমস্যা সমাধানে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের সাহসিকতার কথা তুলে ধরে তিনি বলেন, বুলেটের সামনে বুক পেতে দাঁড়ানো ছিল অসীম বীরত্বের উদাহরণ। তবে ভবিষ্যতে এমন কোনো পরিস্থিতি তৈরি হোক, যেখানে মানুষকে আবার জীবন বাজি রেখে আন্দোলনে নামতে হয়, তা কেউ চায় না বলেও জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বড় একটি অংশ ছিলেন শ্রমজীবী মানুষ উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, তাদের মৃত্যু পরিবারগুলোতে গভীর সংকট ও অপূরণীয় ক্ষতি তৈরি করেছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন