Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন ম্যানুয়েল নয়্যার

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

চলমান বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে চূড়ান্ত অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ২০২৪ সালে নিজ দেশে অনুষ্ঠিত ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন তিনি। তবে বিশ্বকাপের ঠিক আগে সিদ্ধান্ত বদলে আবারও দলে ফেরেন এই অভিজ্ঞ তারকা। এবার বিশ্বকাপ শেষেই জার্মানির জার্সিকে বিদায় জানানোর কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ জুন) এক সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন নয়্যার।

তিনি বলেন, বলেন, আমি ২০২৪ সালে ঘরের মাঠে ইউরোর পর সঙ্গত কারণেই সরে দাঁড়িয়েছিলাম। আমার কাছে সেটিই ছিল সঠিক সিদ্ধান্ত। সিদ্ধান্তটি আমার কাছে ঠিক মনে হয়েছিল। গত দুই বছর জাতীয় দলে খেলে যাওয়া আমার জন্য অনেক বড় চাপ হয়ে যেত।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নয়্যার বলেন, আমার কাছে পরিষ্কার, এটিই আমার শেষ টুর্নামেন্ট। দুই বছর পরের ইউরোতে থাকার কোনো পরিকল্পনা আমার নেই। গত কয়েক দিনে আমি মেনে নিয়েছি যে জার্মানির হয়ে এগুলোই আমার শেষ ম্যাচ। তবে আমি বিদায়ী উপহারের দিকে নয়, সামনে থাকা ম্যাচগুলোর দিকেই তাকাতে চাই।

২০১৪ বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের বয়স এখন ৪০ বছর। জার্মানির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে এটি তার টানা পঞ্চম বিশ্বকাপ। ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর জাতীয় দল থেকে অবসর নিলেও পরবর্তীতে আবারও জাতীয় দলে ফিরে আসেন তিনি।

বায়ার্ন মিউনিখের হয়ে মৌসুমের দ্বিতীয় ভাগে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পর কোচ জুলিয়ান নাগেলসমানের বিশ্বকাপ দলে জায়গা করে নেন নয়্যার। তার এই প্রত্যাবর্তন ফুটবল অঙ্গনে বেশ আলোচনার জন্ম দেয়।

নয়্যারের ফেরার আগে অলিভার বাউমানকে জার্মানির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে অভিজ্ঞতার কারণে নয়্যারের হাতেই আবারও দায়িত্ব তুলে দেওয়া হয়। বিশ্বকাপে প্রত্যাবর্তনের পর প্রথম ম্যাচেই জার্মানির ৭-১ গোলের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

বাউমানের সঙ্গে সম্পর্ক নিয়েও ইতিবাচক মন্তব্য করেন নয়্যার। তিনি বলেন, “আমরা একসঙ্গে কাজ করি, একে অপরকে সমর্থন করি এবং দলের স্বার্থেই অনুশীলন করি। আমার প্রত্যাবর্তন নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি।”

উল্লেখ্য, শনিবার আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামবে জার্মানি। ওই ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করবে দলটি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন