Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

স্টারমারের বাড়িতে অগ্নিসংযোগের পেছনে রাশিয়ার হাত, বিবিসির অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রাশিয়ার প্রত্যক্ষ মদদ ছিল বলে দাবি করেছে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদন। ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালে।

ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে লন্ডনের ওল্ড বেইলি আদালতের জুরি। দোষী সাব্যস্তরা হলেন ২২ বছর বয়সী ইউক্রেনীয় নাগরিক রোমান লাভরিনোভিচ এবং ২৭ বছর বয়সী ইউক্রেনে জন্ম নেওয়া রোমানীয় নাগরিক স্ট্যানিস্লাভ কার্পিউক।

২০২৫ সালের মে মাসে উত্তর লন্ডনে স্টারমারের আগে ব্যবহার করা একটি টয়োটা গাড়িতে আগুন দেওয়া হয়। কয়েকদিনের মধ্যে আরও দুটি বাড়িতে আগুন লাগানো হয়, যার একটির মালিক ছিলেন স্টারমার নিজে এবং সেখানে তার শ্যালিকা ভাড়ায় থাকতেন।

আদালতে প্রসিকিউশন জানায়, রুশ ভাষায় টেলিগ্রাম ব্যবহারকারী ‘এল মানি’ অনলাইনে রোমান লাভরিনোভিচকে নিয়োগ করেন এবং অর্থের প্রতিশ্রুতি দেন। এরপরই তিনি অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটান। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই লাভরিনোভিচ গ্রেপ্তার হন।

বিবিসির অনুসন্ধান বলছে, লাভরিনোভিচ সম্ভবত জানতেনই না যে তিনি প্রধানমন্ত্রীর সম্পত্তিকে লক্ষ্যবস্তু করছেন। তদন্তে দেখা গেছে, ‘ইএল’ নামে পরিচিত ওই ব্যক্তি টেলিগ্রামের মাধ্যমে তাকে নির্দেশনা ও অর্থের প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুরুতে পোস্টার লাগানো ও গ্রাফিতি আঁকার মতো কাজ দিলেও ধীরে ধীরে অগ্নিসংযোগের মতো গুরুতর অপরাধে জড়ানো হয় তাকে। বিবিসির দাবি, এই ‘ইএল’ সম্ভবত ২৩ বছর বয়সী রুশ কূটনীতিক ইয়েভজেনি লিউকশিন।

তদন্তে উঠে এসেছে, রুশ এজেন্টরা সোশ্যাল মিডিয়া ও টেলিগ্রামের মাধ্যমে দূর থেকে নাশকতা ও উস্কানিমূলক প্রচারণা চালিয়েছে। তারা অনলাইনে ভুয়া উগ্র-ডানপন্থী ও মুসলিম গোষ্ঠী তৈরি করে যুক্তরাজ্যে ভাঙচুর, বিভেদ ও ভীতি ছড়ানোর চেষ্টা করেছিল। রাশিয়া-ভিত্তিক অ্যাকাউন্টগুলো স্টারমারকে লক্ষ্য করে চালানো অগ্নিসংযোগ হামলার উদ্দেশ্য সম্পর্কে মিথ্যা পোস্টও ছড়িয়েছিল, যা পরে উগ্র-ডানপন্থী কর্মী টমি রবিনসনের মতো ব্যক্তিরা প্রচার করেন।

‘ইএল’ বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে রাশিয়া ও প্রেসিডেন্ট পুতিনের প্রশংসা করতেন, ইউক্রেনীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করতেন এবং রুশপন্থী প্রচারণা চালাতেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। বিভিন্ন কাজের বিনিময়ে ১ হাজার ডলার ও রুশ নাগরিকত্বের প্রস্তাব দিয়েছিলেন বলেও জানা গেছে।

বিবিসি জানায়, ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামের টেলিগ্রাম চ্যাটে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত ইয়েভজেনি লিউকশিনকে শনাক্ত করা হয়েছে। তার নামের আদ্যক্ষর ‘ইএল’ হামলার নির্দেশদাতার পরিচয়ের সঙ্গে মিলে যায়। তাকে ‘রেডিও সাউথপোর্ট’ ও ওয়াগনার গ্রুপ সমর্থিত একটি চ্যাটেও পাওয়া গেছে।

এ বিষয়ে যুক্তরাজ্যে রুশ দূতাবাস বলেছে, “আমরা রাশিয়া বা তার পররাষ্ট্র মন্ত্রণালয়কে বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত করার যেকোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি। রাশিয়া যুক্তরাজ্য বা তার জনগণের জন্য কোনো হুমকি নয় এবং ব্রিটেনের প্রতি কোনো আগ্রাসী উদ্দেশ্য পোষণ করে না।” তবে বিবিসির প্রশ্নের জবাব দেননি রুশভাষী লিউকশিন। তার সঙ্গে যোগাযোগের কয়েক ঘণ্টার মধ্যেই বিতর্কিত প্রচার চ্যানেলটি অনলাইন থেকে গায়েব হয়ে যায়।

সূত্র: বিবিসি

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন