Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

স্বৈরতন্ত্রে ফিরলে গণ-অভ্যুত্থানের পথেই যাবে জনগণ: নাহিদ ইসলাম

ঢাকা অর্থনীতি ডেস্ক:

সরকার স্বৈরতান্ত্রিক পথে অগ্রসর হলে জনগণকে আবারও গণ-অভ্যুত্থানের পথ বেছে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে অনুষ্ঠিত ১১–দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী কক্সবাজারে বিরোধী দলের বাজেট সমালোচনার বিষয়ে মন খারাপ করেছেন; কিন্তু আমরা কেন প্রশংসা করব? এই বাজেটে দুর্নীতি, লুটপাট এবং ব্যাংক দখল বন্ধ করার কোনো রাস্তা রাখা হয়নি। এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে; আর কত টাকা সরকারি দলের নেতা-কর্মীদের পকেটে যাবে, তার কোনো সঠিক হিসাব নেই। এটি একটি বাস্তবতা–বিবর্জিত বাজেট, যা বাস্তবায়ন করতে বিভিন্ন দেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা ঋণ নিতে হবে। দেশে সুশাসন, স্বচ্ছতা ও সংস্কার নিশ্চিত না হলে এই দুর্নীতি ও লুটপাট বন্ধ হবে না।’

সমাবেশে তিনি অভিযোগ করেন, দেশে আবারও ব্যাংক দখলের প্রবণতা শুরু হয়েছে এবং ইসলামী ব্যাংককে পুনরায় এস আলমের নিয়ন্ত্রণে দেওয়ার চেষ্টা চলছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এস আলমের গাড়িতে চড়ে কে সংবর্ধনা নিয়েছিলেন এবং কারা তাঁকে প্রোটেকশন (সুরক্ষা) দিচ্ছেন, তা বাংলাদেশের জনগণ জানে। জনগণ এই দখলদারি কোনোভাবেই মেনে নেবে না।’

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশের মারধরের অভিযোগ তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, দেশের উন্নয়নের জন্য গণভোটের রায় অনুযায়ী পুলিশ, দুদক ও বিচার বিভাগে সংস্কার জরুরি। তিনি বলেন, ‘গতকালও (শুক্রবার) চট্টগ্রামে একজন ক্রিকেটারকে ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়ে নির্যাতন করেছে। পুলিশ সংস্কার না হওয়ায় জনগণের ওপর আবারও জুলুম শুরু হয়েছে। সরকার যদি আবার স্বৈরতন্ত্রের পথে হাঁটে, তবে জনগণকেও গণ-অভ্যুত্থানের পথে হাঁটতে হবে।’

ভারত থেকে নতুন হাইকমিশনার দায়িত্ব নেওয়ার পরপরই মৌলভীবাজার সীমান্তে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, সীমান্তে কাঁটাতার আর বন্দুকের গুলি দিয়ে কোনো বন্ধুত্ব হয় না। বাংলাদেশ ও ভারতের আকাশ এবং মাটি এক নয়; এর ফয়সালা ১৯৪৭ সালেই হয়ে গেছে। ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ সালে বারবার প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে কোনো আধিপত্যবাদী শক্তি টিকে থাকবে না।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন