ঢাকা অর্থনীতি ডেস্ক:
মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তি চুক্তির রূপরেখায় সম্মত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, চুক্তির চূড়ান্ত খসড়াও প্রস্তুত করা হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
শনিবার (১৩ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান বর্তমানে সম্ভাব্য একটি ইলেকট্রনিক স্বাক্ষর (ই-স্বাক্ষর) অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে। এর পর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, ‘‘আলোচনা চলাকালীন ধারাবাহিক অঙ্গীকার বজায় রাখার জন্য আমরা যুক্তরাষ্ট্র এবং ইরানকে ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে আমাদের পাশে থাকার জন্য এই অঞ্চলের ভাইদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘আমরা আত্মবিশ্বাসী যে, এই ঐতিহাসিক শান্তি চুক্তিটি স্থায়ী শান্তির জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করবে।’’
সূত্র: রয়টার্স, ডন










কমেন্ট করুন