ঢাকা অর্থনীতি ডেস্ক:
প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিকেল তিনটায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
সংসদ সদস্য আবুল কালাম প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, “সম্প্রতি আপনি জেলা প্রশাসক সম্মেলনে দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তাসহ জনস্বার্থে অনেকগুলো নির্দেশনা প্রদান করেছেন। জনস্বার্থে আপনার এই নির্দেশনাগুলো কী কী?”
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ও কমিশনারদের বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা নিতে হবে। অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা এড়িয়ে দ্রুত ও বাস্তবসম্মত জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত নিতে হবে। নিয়োগ, বদলি ও পদায়নে সততা, মেধা ও দক্ষতাকেই একমাত্র মানদণ্ড হিসেবে মেনে চলতে হবে। প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বাড়াতে এবং জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ নিতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সেবা প্রদান ব্যবস্থাকে সময়োপযোগী, দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে হবে। আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়াসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সরকারি সেবা প্রদানকে হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছ রাখতে কঠোর তদারকি নিশ্চিত করতে হবে।










কমেন্ট করুন