Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

বাজেট বাস্তবায়নে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান ডা. শফিকুর রহমানের

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বিরোধীদলীয় বিকল্প বা ছায়া বাজেট পেশ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, একটি কার্যকর এবং জনমুখী বাজেট বাস্তবে রূপ দিতে হলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা যে বাজেট প্রস্তাবনা জনগণের সামনে তুলে ধরছি, সেটি কোনো দলের জন্য নয়, দেশের ১৮ থেকে ২০ কোটি মানুষের কল্যাণের কথা মাথায় রেখেই প্রণয়ন করা হয়েছে।”

ডা. শফিকুর রহমান উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও সামগ্রিক ব্যাংকিং খাতে বিভিন্ন অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তিনি মন্তব্য করেন যে, এ ধরনের পরিস্থিতি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের গণআন্দোলনে সাধারণ মানুষ বড় ধরনের পরিবর্তনের আশায় রাজপথে নেমেছিল। তবে সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন সমাজ গঠন, সুশাসন প্রতিষ্ঠা কিংবা অর্থনৈতিক স্বস্তি এখনও নিশ্চিত হয়নি বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

বাজেট বাস্তবায়নের কৌশল নিয়ে জামায়াত আমির বলেন, অর্থবছরের শেষ মুহূর্তে তড়িঘড়ি করে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ খরচ করার যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা বন্ধ করা জরুরি। তার প্রস্তাব অনুযায়ী, অর্থবছর জুলাই-জুন চক্রের পরিবর্তে ক্যালেন্ডার বছরের (জানুয়ারি-ডিসেম্বর) সাথে সমন্বয় করা হলে অপচয় কমবে এবং ব্যয়ের কার্যকারিতা বৃদ্ধি পাবে।

কর ব্যবস্থার আমূল সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বর্তমান কর আদায় পদ্ধতিতে বিদ্যমান ত্রুটির কারণে ব্যবসায়ীরা প্রায়ই হয়রানির শিকার হন। একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর কাঠামো গড়ে তুলতে পারলে রাজস্ব আদায় যেমন বাড়বে, তেমনি ব্যবসায়ীরাও স্বতঃস্ফূর্তভাবে কর দিতে আগ্রহী হবেন।

জনগণের মতামতের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমাদের বাজেট প্রস্তাবনার বিষয়ে জনগণই চূড়ান্ত বিচারক। কোনো প্রস্তাব জনস্বার্থের পরিপন্থী মনে হলে জনগণ যেন আমাদের সমালোচনা করেন। আমরা সেই সমালোচনাকে স্বাগত জানাব এবং সেখান থেকে শিক্ষা নেব।”

উক্ত সংবাদ সম্মেলনে ছায়া বাজেট উপস্থাপন করেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

বাজেট পেশ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি), সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়াও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আবদুর রব, জনাব সাইফুল আলম খান মিলন এমপি, অধ্যক্ষ শাহাবুদ্দিন, এডভোকেট মতিউর রহমান আকন্দ, জনাব মোবারক হোসাইন, জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, জনাব মো. সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ড. মো. রেজাউল করিম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

দলের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও এই অনুষ্ঠানে অংশ নেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন