ঢাকা অর্থনীতি ডেস্ক:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ও বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবং যাত্রী হয়রানি রোধে বিশেষ মোবাইল টিম মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। আজ সোমবার (২৫ মে) ঈদ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, কোরবানির পশুর হাট, বাস টার্মিনাল, ব্যাংক, ঈদ জামাত এবং ছুটিকালে ফাঁকা ঢাকার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি পশুর হাটে দৃশ্যমান পুলিশি উপস্থিতির পাশাপাশি সাব-কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় প্রতিটি হাটে জাল নোট শনাক্তকারী মেশিন রাখা হয়েছে। ডিবি ও সাদা পোশাকের পুলিশের বিশেষ টিম ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত মোবাইল টিম, ফুট পেট্রোল, চেকপোস্ট ও সিসিটিভি নজরদারি চালু রয়েছে বলেও জানান তিনি। সায়েদাবাদ, গাবতলী, উত্তরা ও যাত্রাবাড়ী এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। নির্ধারিত হাট ছাড়া অন্য কোথাও জোরপূর্বক পশু নামানো ঠেকাতে পশুবাহী যানবাহনের চলাচলেও নজরদারি বাড়ানো হয়েছে।
হাটে আসা ব্যবসায়ীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে মানি এসকর্ট সার্ভিস চালু রাখা হয়েছে এবং মোবাইল ব্যাংকিং ও বুথের মাধ্যমে লেনদেনের সুবিধাও নিশ্চিত করা হয়েছে।
ঈদকে কেন্দ্র করে রাজধানী ছাড়া লাখো মানুষের যাতায়াত নিরাপদ ও যানজটমুক্ত রাখতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। বিভিন্ন বাস ও রেলস্টেশনে পুলিশ কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ও ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন রোধে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করছেন। যত্রতত্র পার্কিং করা যানবাহনের বিরুদ্ধেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিএমপি জানিয়েছে, পশুর হাটের কারণে প্রধান সড়কে যানজট এড়াতে হাটের সীমানার বাইরে রাস্তা বা ফুটপাতে কোনো পশু রাখতে দেওয়া হবে না।










কমেন্ট করুন