ঢাকা অর্থনীতি ডেস্ক:
ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা এবং ডিম ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় ছাত্রদলের আট নেতাকে আসামি করা হয়েছে। এর প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঝিনাইদহ সদর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
শুক্রবার রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা বাদী হয়ে আটজনের নামসহ অজ্ঞাত পরিচয় আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করে মামলাটি করেন বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান।
মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন ও সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ আটজনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারাল অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ করা হয়। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ বেশ কয়েকজন আহত হন।
হামলার সময় একটি সনি আলফা ডিএসএলআর ক্যামেরা, ট্যামরন লেন্স, মেমোরি কার্ড, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়েরও অভিযোগ আনা হয়েছে। ছিনতাই হওয়া মালামালের আনুমানিক মূল্য এক লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে। চলে যাওয়ার সময় হামলাকারীরা এনসিপির নেতাকর্মীদের হত্যার হুমকি দিয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলার খবর পেয়ে রাতেই ঝিনাইদহ সদর থানার প্রধান গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা থানার গেট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং বাইরে থেকে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপি নেতারা। পরে জেলা বিএনপির নেতারা বিক্ষোভকারীদের শান্ত করে সরিয়ে নিলে পুলিশ পাহারায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপি নেতাদের নিরাপদে বের করে দেওয়া হয়।
ওসি আসাদউজ্জামান বলেন, “লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এনসিপি নেতাকর্মীরা ঝিনাইদহ থেকে ঢাকায় রওনা হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”










কমেন্ট করুন