Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

জাল কাগজপত্রে শেনজেন ভিসার আবেদন করলেই বাতিল

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা আবেদনে জাল বা কারসাজি করা কাগজপত্র জমা দিলে সেই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হবে বলে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস ও হাইকমিশনগুলো যৌথভাবে এক বিশেষ সতর্কবার্তা জারি করেছে। ইউরোপগামী বাংলাদেশি আবেদনকারীদের জালিয়াতি থেকে নিরুৎসাহিত করতেই মূলত এই কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আবেদনকারীদের উদ্দেশে বিশেষভাবে বলা হয়েছে, ‘অনুগ্রহ করে আপনার ভিসা আবেদনের সঙ্গে শুধুমাত্র মূল এবং অপরিবর্তিত প্রকৃত কাগজপত্র জমা দিন।’

দূতাবাস কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, শেনজেন ভিসা প্রক্রিয়ায় কোনো ধরনের অস্বচ্ছতা বা ভুয়া নথি ব্যবহারের প্রমাণ মিললে কোনো ছাড় দেওয়া হবে না এবং সংশ্লিষ্ট আবেদন তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে।

প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ ব্যবসা, পর্যটন ও শিক্ষার উদ্দেশ্যে শেনজেনভুক্ত দেশগুলোতে যেতে ভিসার আবেদন করেন। তবে অনেক ক্ষেত্রে অসাধু চক্র বা এজেন্সির সহায়তায় জাল কাগজপত্র জমা দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়।

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঢাকার শেনজেন দূতাবাসগুলো যৌথভাবে এই সতর্কবার্তা জারি করে আবেদনকারীদের সম্পূর্ণ বৈধ ও নির্ভুল উপায়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন