Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, তারেক রহমানের নিজেই মন্ত্রণালয় সামলানো উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা অর্থনীতি ডেস্ক:

দেশের নেতৃত্বে থাকা ব্যক্তিরাই দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত বলে অভিযোগ তুলেছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর মতে, মাছ-কার্ড বাদ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সরাসরি নিজের হাতে তুলে নেওয়া।

বুধবার (২০ মে) বিকেলে রাজধানীর তোপখানা রোডে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘জাতীয় অর্থনীতিতে চামড়া শিল্পের ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দেশ চালাতে ও দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ। দেশে ৪ বছরের শিশু ধর্ষণ হয়েছে, শাহ আলী মাজারে কারা মব করেছে, সরকারের কাছে এ প্রশ্ন গুলোর সমাধান পাইনি। এজন্য আমার মনে হয় তারেক রহমানের নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করা প্রয়োজন।’

সীমান্ত পরিস্থিতি নিয়েও সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। সীমান্তে মানুষ নিহত হলেও স্বরাষ্ট্রমন্ত্রী কার্যকর প্রতিবাদ জানাতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন এই নেতা।

এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, দেশের গবাদিপশু শিল্প ক্ষতিগ্রস্ত হলেও সীমান্ত দিয়ে অবৈধ পশু প্রবেশ বন্ধে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পাশাপাশি নদী রক্ষার পরিবর্তে খাল খননের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অনুষ্ঠানে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ মাহাদি চামড়া শিল্প রক্ষায় সিন্ডিকেট ভাঙা ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণসহ পাঁচ দফা দাবি উপস্থাপন করেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন