Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

মে মাসের ১৯ দিনেই রেমিট্যান্স ছাড়াল ২৪৮ কোটি ডলার, প্রবৃদ্ধি ৩৮ শতাংশের বেশি

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

চলতি মে মাসের প্রথম ১৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩০ হাজার ৪৭৮ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)। বুধবার বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার একদিনেই প্রবাসী আয় এসেছে এক হাজার ৯০২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। গত বছরের মে মাসের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৮ দশমিক ৪৮ শতাংশ।

চলতি অর্থবছরের সামগ্রিক চিত্রও আশাব্যঞ্জক। ১ জুলাই থেকে ১৯ মে পর্যন্ত দেশে মোট তিন হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল দুই হাজার ৬৩৩ কোটি ডলার। অর্থাৎ বার্ষিক ভিত্তিতে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৫০ শতাংশ।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন