Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ই-ট্রাফিক: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা

ই-ট্রাফিক: আইন ভাঙলে অটো নোটিশ্। ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

ঢাকার রাস্তায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এবার ডিজিটাল পদ্ধতিতে ব্যবস্থা নিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ও স্থিরচিত্রের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারির পদক্ষেপও নেওয়া হচ্ছে।

রোববার (৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং এবং যানজট সৃষ্টিকারী আইনভঙ্গকারী চালক ও মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে রেজিস্ট্রি ডাকে তাদের ঠিকানায় স্বয়ংক্রিয় নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা ডিএমপি সদর দপ্তর বা ট্রাফিক বিভাগে এসে ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জরিমানা পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নোটিশ পাওয়ার পরেও যারা হাজির হবেন না, তাদের বিরুদ্ধে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু হয়েছে। এর বাইরে সিসি ক্যামেরা বা ভিডিও ফুটেজের নামে কোনো আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান না করতে সবাইকে সতর্ক করা হয়েছে। কেউ এভাবে প্রতারণার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা ট্রাফিক বিভাগে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যাল ও ক্রসিংয়ে এআই প্রযুক্তিসম্পন্ন উন্নত সিসি ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে লাল বাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, বিপরীত পথে চলাচল, যত্রতত্র যাত্রী তোলা, অবৈধ পার্কিং এবং লেফট লেন আটকে রাখার মতো অপরাধে ডিজিটাল মামলা করা শুরু হয়েছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন