ঢাকা অর্থনীতি ডেস্ক:
ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে এবং বৈশ্বিক বাজারের অস্থিরতার কারণে দাম সমন্বয় করা ছাড়া উপায় ছিল না।
রোববার রাজধানীর বাজারে সরেজমিনে ভোজ্যতেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণকালে তিনি এ কথা বলেন। বিকেলে কারওয়ান বাজারের চিকেন মার্কেট এলাকার বিভিন্ন দোকান ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজার পরিস্থিতির তথ্য সংগ্রহ করেন তিনি।
পরিদর্শনকালে বিক্রেতারা জানান, আগের তুলনায় ভোজ্যতেলের সরবরাহ বেড়েছে। ডিলার পর্যায় থেকেও সরবরাহ বৃদ্ধির তথ্য পাওয়া যায়। বিক্রেতারা আরও জানান, খোলা তেলের চেয়ে বোতলজাত তেলের, বিশেষত ৫ লিটারের বোতলের চাহিদা এখন বেশি।
বাজারে সরেজমিনে দেখা যায়, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯৭০ থেকে ৯৭৫ টাকায়। আগে সরবরাহকৃত ১ লিটার ও ২ লিটারের বোতল বিক্রি হচ্ছে যথাক্রমে ১৯৫ ও ৩৯০ টাকায়। সাধারণ ক্রেতারাও জানান, বাজারে তেল পাওয়া যাচ্ছে এবং সরবরাহ আগের চেয়ে ভালো হয়েছে।
পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, ডিলার ও কোম্পানিগুলোর সঙ্গে একাধিক বৈঠকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশেও সেই অনুযায়ী দাম কমানো হবে। তিনি আরও বলেন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন ভবিষ্যতেও চলবে।
পরিদর্শনে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্য সূত্র: বাসস










কমেন্ট করুন