স্টাফ রিপোর্টার:
হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আয়োজিত চার মাস মেয়াদি প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং-এ মেরিট এওয়ার্ড এবং ইউজিসি চেয়ারম্যান’স এওয়ার্ড অর্জন করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ফুয়াদ হোসেন।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এই প্রশিক্ষণে দেশের ১৯টি পাবলিক ও ১৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মোট ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত চার মাসব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে গত ৫ ফেব্রুয়ারি উপস্থিত ছিলেন ইউজিসির সম্মানিত সদস্য ও ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির রেক্টর (ইন-চার্জ) প্রফেসর ড. তানজিম উদ্দিন খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামানসহ ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
উল্লেখ্য, ইউজিসি চেয়ারম্যান’স এওয়ার্ড একটি ব্যাচে মাত্র একজন প্রশিক্ষণার্থীকেই প্রদান করা হয় এবং এটি উক্ত প্রশিক্ষণের সর্বোচ্চ সম্মাননা। পাশাপাশি, প্রতি ব্যাচে তিনজন প্রশিক্ষণার্থীকে মেরিট এওয়ার্ড প্রদান করা হয়।
গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল হোসেন বলেন, ড. ফুয়াদ হোসেনের এই অসাধারণ অর্জন আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তাঁর সাফল্য আমাদের শিক্ষকসমাজকে আরও গবেষণাভিত্তিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক উচ্চশিক্ষা নিশ্চিত করতে অনুপ্রাণিত করবে।








কমেন্ট করুন