Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

তাদের ভূমিকার কারণে একাত্তরে লাখ লাখ মা–বোন ইজ্জত হারিয়েছে: তারেক রহমান

বিশেষ প্রতিনিধি:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “দেশ গড়তে নারী ও পুরুষ উভয়কেই একসঙ্গে কাজ করতে হবে। কিন্তু গভীর উদ্বেগের সঙ্গে আমরা দেখেছি, একটি নির্দিষ্ট দলের শীর্ষ নেতা বিদেশি গণমাধ্যমে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। যারা নিজের দেশের নাগরিকদের সম্পর্কে কুৎসা রটায় ও মিথ্যাচার করে, তারা দেশের মঙ্গল কামনা করে না।” তিনি আরো বলেন, যে নেতা নারীদের নিয়ে অসম্মানজনক কথা বলতে পারেন, ক্ষমতা পেলে তিনি নারীদের আরও অপমান করতে পারেন।

আজ ২ ফেব্রুয়ারী সোমবার, যশোরে উপশহর ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা কর্মজীবী নারীদের নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ কথা বলেছেন। দেশের মানুষ যখন আন্দোলন শুরু করেছেন, তাঁরা বাঁচার জন্য এখন বলছেন, তাঁর অ্যাকাউন্ট নাকি হ্যাকড হয়েছে। প্রশাসনের লোকজন বলেছেন, তাঁদের অ্যাকাউন্ট হ্যাক হয়নি। ওই রাজনৈতিক দল মিথ্যা কথা বলছে।

উপস্থিত জনতার উদ্দেশে তারেক রহমান আরও বলেন, ‘যারা দেশের মানুষের কাছে মিথ্যা কথা বলে, তারা বিকাশ নম্বর নিচ্ছে। এটাই তাদের ক্যারেক্টার (চরিত্র)। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। তাদের ভূমিকার কারণে একাত্তর সালে লাখ লাখ মা–বোন ইজ্জত হারিয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে সারা দেশে হাজার হাজার খাল খনন করা হয়েছিল, যা কৃষকদের উপকারে এসেছিল। বিএনপি ক্ষমতায় গেছে সেই খালগুলো পুনরায় খনন ও সংস্কার করা হবে।

তারেক রহমান আরও বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হবে। পাশাপাশি মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের সম্মানী দেওয়া হবে। তারেক রহমান বলেন, আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষের সঙ্গে মিলেই দেশ গড়তে চাই। এই দেশের মালিক জনগণ। তাদের সমর্থন নিয়েই আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি।

তারেক রহমান আজ সোমবার দুপুরে খুলনায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। পরে তিনি যশোরে আসেন। জনসভায় তিনি যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন