Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

‘হয় আমি থাকব, না হয় অনিয়ম-দুর্নীতি’, মুগদা হাসপাতালে গিয়ে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

স্বাস্থ্যসেবা খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ঝটিকা পরিদর্শনে মুগদা জেনারেল হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।”

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক এই পরিদর্শনে গিয়ে হুঁশিয়ারিটি দেন তিনি। পরিদর্শনকালে হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী, আর এ সময় বেশ কিছু অনিয়মও তার চোখে পড়ে।

হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। এ সময় প্রয়োজনের মুহূর্তে ডাক্তারদের না পাওয়ার অভিযোগ তোলেন তারা। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নার্সদের সহযোগিতার ঘাটতি ও অবহেলার অভিযোগও জানান রোগী ও স্বজনরা।

এসব অভিযোগ শুনে রোগী ও স্বজনদের আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং চিকিৎসাসেবায় কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না।

পরিদর্শনের সময় হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তার ভাষ্যে, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিশেষ টিকাদান কর্মসূচি।

এ ছাড়া আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরুর ঘোষণাও দেন সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন