Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের

ঢাকা অর্থনীতি ডেস্ক:

ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে নতুন চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (৬ আগস্ট) লা লিগার ক্লাবটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, নতুন চুক্তির আওতায় ২০৩২ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকবেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।

গত কয়েক মৌসুমে রিয়ালের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা হয়ে ওঠা ভিনিসিয়ুসকে নিয়ে সম্প্রতি প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

রিয়াল মাদ্রিদের জার্সিতে এখন পর্যন্ত ১২৮টি গোল করেছেন ভিনিসিয়ুস। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০০টি গোল। আগামী বছর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বিনা ট্রান্সফার ফিতে তাকে হারানোর ঝুঁকি নিতে চায়নি ক্লাবটি। তাই আগেভাগেই তার সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন চুক্তি সম্পন্ন করেছে তারা।

সম্প্রতি ব্রাজিলের হয়ে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন ভিনিসিয়ুস। তবে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আন্তর্জাতিক দায়িত্ব শেষ করে এখন নতুন মৌসুমের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন এই তারকা উইঙ্গার।

এদিকে একই দিনে রিয়াল মাদ্রিদ আরও একটি বড় চুক্তির ঘোষণা দিয়েছে। জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে প্রায় ১৪০ মিলিয়ন ইউরোর ক্লাব-রেকর্ড ট্রান্সফার ফিতে দলে ভিড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন