ঢাকা অর্থনীতি ডেস্ক:
মুম্বাইয়ে ২ অক্টোবরের সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, গান্ধী জয়ন্তীর দিন মুম্বাইয়ে এই কর্মসূচি পালন করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়েছিল সিজেপি। কিন্তু সেই অনুমতি দেয়নি মুম্বাই পুলিশ। পুলিশের বক্তব্য, শিবাজী পার্ক ব্যবহারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা ও স্থানীয় নিয়ম মানতে হয়। এ ছাড়া সমাবেশ হলে শব্দদূষণ ও যানজটের কারণে আশপাশের এলাকায় সমস্যা তৈরি হতে পারে বলেও জানানো হয়েছে।
পুলিশের এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অভিজিৎ দীপকে বলেন, প্রতিবাদের অধিকার বাধাগ্রস্ত হলে ২ অক্টোবর মুম্বাইয়ে ‘জেল ভরো আন্দোলন’ শুরু করবে সিজেপি। পরে দলটির পক্ষ থেকে এই কর্মসূচিকে দেশব্যাপী আন্দোলনে রূপ দেওয়ার কথাও জানানো হয়।
নির্বাচন কমিশনের কার্যক্রম এবং ভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) ঘিরেই আবর্তিত হচ্ছে সিজেপির আন্দোলন। গত ২৪ সেপ্টেম্বর সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল দলটি। সেই সময়সীমা শেষ হওয়ার পর ২ অক্টোবর মুম্বাই থেকে আন্দোলন শুরুর ঘোষণা দেয় তারা।
এর আগে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, এসআইআর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার, সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী, ১০ মাসে অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, কমিশনের কিছু সিদ্ধান্ত তাদের অবহিত না করেই নেওয়া হয়েছিল।
এই প্রতিবেদন সামনে আসার পর সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের পাশাপাশি এসআইআর স্থগিত, ২০২৫ সালের জানুয়ারির ভোটার তালিকা পুনর্বহাল এবং নির্বাচন কমিশন সংস্কারের দাবিও তুলেছে সিজেপি।
মুম্বাই থেকে শুরু হওয়া এই কর্মসূচি পরবর্তী সময়ে ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে দলটি।










কমেন্ট করুন